মা হওয়ার পরও কাজের জগতে টিকে থাকতে গিয়ে অনেক নারী তারকাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দিনে আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন করে এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন আলিয়া ভাট। এ প্রসঙ্গে নিজেকে ‘ভাগ্যবান’ বলেও উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকার প্রচ্ছদে জায়গা পেয়েছেন আলিয়া। ম্যাগাজিনটিকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রের কাজের পরিবেশ ও নারী তারকাদের কাজের সময়সীমা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
আলিয়া বলেন, ‘আমি ভাগ্যবান যে সব প্রযোজকই আমার প্রতি অত্যন্ত সহযোগিতাপূর্ণ ছিলেন। তবে বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। কাজের সময়সীমা নির্দিষ্ট হওয়া দরকার। ন্যায্য কর্মঘণ্টা একজন শিল্পীকে আরও কার্যকর করে তোলে। কাজের সময় কিছুটা নির্ধারণ করা গেলে শিল্পীরা নিজেদের আরও ভালোভাবে মেলে ধরতে পারবেন।’
এক সন্তানের মা আলিয়া মনে করেন, চলচ্চিত্রের কর্মপরিবেশে নারীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, ‘শুধু এই বিষয়টি নয়, আরও অনেক কিছু নিয়ে কথা বলা উচিত। এটি এমন কোনও অবাস্তব দাবি নয়। বরং খুবই মৌলিক অধিকার ও প্রয়োজনীয় বিষয়।’
তার মতে, ‘২০২৬ সালে একটি চলচ্চিত্রের শুটিং সেটে নারীদের জন্য পরিষ্কার শৌচাগারের ব্যবস্থা থাকা নিয়ে আলোচনা করতে হবে, এটি ভাবাই যায় না। এই সুবিধা সব সময় সবার জন্য থাকা উচিত।’
উল্লেখ্য, মা হওয়ার পর দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে তার এই দাবিতে আপত্তি জানান পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এ নিয়ে মতবিরোধের জেরে পরিচালকের সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। একই ধরনের শর্তের কারণে আরও একটি সিনেমা থেকেও বাদ পড়ার খবর প্রকাশিত হয়েছিল।
দীপিকার এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আলিয়া ভাটও।
শাকিবের নায়িকা এবার কিয়ারা আদভানি!