বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’

মাত্র ২ কোটি টাকার বাজেটে তৈরি ‘হনুমান আংশ’ বক্স অফিসে রীতিমতো নতুন রেকর্ড গড়ছে। মুক্তির ৪১তম দিনেও ৬ কোটি টাকা আয় করে ছবির নেট সংগ্রহ পৌঁছে গিয়েছে ২৩৭ দশমিক ১৩ কোটিতে।

১৭ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, ২৩৭ দশমিক ১৩ কোটি টাকার নেট সংগ্রহ নিয়ে ২০২৬-এর সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ছবিটি।

ছবিটি মুক্তির আগে এমন সাফল্যের প্রত্যাশা খুব একটা ছিল না। কিন্তু বক্স অফিসে ‘হনুমান আংশ’-এর ধারাবাহিক পারফরম্যান্স দেখে এখন অনেকেই বলছেন, ছবির উপর যেন বাবা নিম করোলির আশীর্বাদ রয়েছে। এর মধ্যে ছবির মোট গ্রস সংগ্রহ পৌঁছেছে প্রায় ২৮০ কোটি টাকায়।

একই সঙ্গে ছবিটি ‘মির্জাপুর দ্য মুভি’ এবং ‘আওয়ারাপন ২’-এর মতো ছবিকেও সংগ্রহের নিরিখে পিছনে ফেলেছে।

অন্যদিকে, ‘মির্জাপুর দ্য মুভি’ ১৭ সেপ্টেম্বর ৩ দশমিক ৭৫ কোটি টাকা আয় করেছে। সেই দিনের আয় যোগ করে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৯ দশমিক ৪৫ কোটি টাকা এবং গ্রস সংগ্রহ ২৩৭ দশমিক ৬৪ কোটি টাকা। অর্থাৎ বর্তমান হিসাব অনুযায়ী, বক্স অফিসে ‘হনুমান অংশ’ এগিয়ে রয়েছে।

শুধু ‘মির্জাপুর দ্য মুভি’ নয়, ২০২৬ সালের আরও একাধিক হিন্দি ছবির মোট গ্রস সংগ্রহকেও পিছনে ফেলেছে ‘হনুমান অংশ’। তালিকায় রয়েছে ‘ভূত বাংলা’ (২০৫ দশমিক ৮ কোটি), ‘ধামাল ৪’ (১৮৯ দশমিক ২ কোটি), ‘আওয়ারাপন ২’ (১৭৮ দশমিক ৮ কোটি), ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (১৫২ দশমিক ২ কোটি), ‘ককটেল ২’ (১১২ দশমিক ৩ কোটি), ‘রাজা শিবাজি’ (১১১ দশমিক ২ কোটি), ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ (৭৮ দশমিক ২ কোটি), ‘ও রোমিও’ (৭৫ দশমিক ৬ কোটি), ‘আলফা’ (৬৯ দশমিক ৭ কোটি), ‘মর্দানি ৩’ (৬০ দশমিক ২ কোটি), ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ (৫৭ দশমিক ৭ কোটি), ‘পতি পত্নী অউর ওহ’ (৫৬ দশমিক ৬ কোটি), ‘বন্টওয়ারা ১৯৪৭’ (৪৩ দশমিক ৪ কোটি), ‘ইক্কিস’ (৩৮ দশমিক ৩ কোটি) এবং ‘চাঁদ মেরা দিল’ (৩৪ দশমিক ৪ কোটি)।

মাত্র ২ কোটি টাকার বাজেট থেকে শুরু করে ২০০ কোটিরও বেশি নেট সংগ্রহ—‘হনুমান আংশ’-এর এই বক্স অফিস যাত্রা যে ২০২৬ সালের অন্যতম চর্চিত সাফল্যের গল্প হয়ে উঠেছে, তা বলাই যায়।