এ সপ্তাহের ছবি

একদিকে অভিষেক, অন্যদিকে অসহায়ত্ব

ফের ঝিমিয়ে পড়েছে ঢাকাই সিনেমা। পরপর কয়েকটি সিনেমা দিয়ে তেঁতে উঠেছিলো সিনে পাড়া। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেই আঁচ অনেকটাই ম্লান। গেলো সপ্তাহে মুক্তি পাওয়া ‘রাগী’ যেমন সাড়া জাগাতে পারেনি, আবার নামমাত্র হলে প্রদর্শিত হওয়া ‘জীবন পাখি’র খবর দর্শকের কান পর্যন্তই পৌঁছায়নি।
 
এই অবস্থার মধ্যে চলতি সপ্তাহে নতুন দুটি সিনেমা হাজির প্রেক্ষাগৃহে। এগুলো হলো ‘বসন্ত বিকেল’ ও ‘রোহিঙ্গা’। এর মধ্যে প্রথম সিনেমাটি পেয়েছে ১৯টি হল, অন্যটির জায়গা হয়েছে ১১টি প্রেক্ষাগৃহে। দুটো সিনেমার নির্মাতা সূত্রে এই তথ্য পাওয়া গেলো।

এরমধ্যে একটি ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে নায়িকার, অন্যটিতে পাওয়া যাবে রোহিঙ্গাদের অসহায়ত্ব। 
 
‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে অভিষেক হচ্ছে সুবাহ শাহ হুমায়রার। যিনি অনেকদিন ধরেই শোবিজে হাঁটাচলা করছেন। ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম-ঘনিষ্ঠতা ও গায়ক ইলিয়াস হোসেনের সঙ্গে বিয়ের ইস্যুতে আলোচিত-সমালোচিত হয়েছেন। অবশেষে বড় পর্দার আলো দেখতে পেলেন এ তরুণী।

সিনেমাটিতে সুবাহর বিপরীতে আছেন শিপন মিত্র ও তানভীর তনু। এছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা প্রমুখ। আরবিএস টেক লিমিটেড প্রযোজিত সিনেমাটির গল্প-চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনা করেছেন রফিক সিকদার।

হল সম্পর্কিত তথ্য জানার জন্য নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, ১৯টি হল চূড়ান্ত হয়েছে। তবে সেগুলোর কোনও তালিকা তারা এখনও প্রকাশ করেননি।
 
‘বসন্ত বিকেল’-এর ট্রেলার:

অন্যদিকে ‘রোহিঙ্গা’ বানিয়েছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। নামের মধ্যেই এর বিষয়বস্তুর ইঙ্গিত রয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।

নির্মাতা ডায়মন্ড নতুন ছবি প্রসঙ্গে বললেন, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টি এখন সারাবিশ্বে আলোচিত। এসব ঘটনা শুনে সবাই শিউরে ওঠেন। ছবিটিতে আমরা বাস্তব ঘটনাগুলো তুলে ধরতে চেয়েছি।’

ঢাকার ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), লায়ন (কেরানীগঞ্জ), মধুমিতা (মতিঝিল) ও চিত্রামহল এবং ঢাকার বাইরে চন্দ্রিমা (সাভার), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), শঙ্খ (খুলনা) ও চিত্রালী (খুলনা) হলে দেখা যাবে সিনেমাটি। 

‘রোহিঙ্গা’র ট্রেলার: