শাকিবের নতুন সিনেমার নায়িকা নিয়ে বেশ কিছুদিন ধরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘মোহাব্বাত’সিনেমায় পাকিস্তানেরিএক নায়িকাকে দেখা যাবে।
সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিবও পাকিস্তানের সিনেমা নিয়ে কথা বলেন। এরপর সে গুঞ্জন আরও জোরালো হয়। তবে এবার বলিউডের একজনকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
‘মোহাব্বাত’সিনেমার প্রযোজক আরশাদ আদনানের একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেই আলোচনা নতুন মোড় নিয়েছে। পোস্টটি ঘিরে গুঞ্জন উঠেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। ছবিটি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। পোস্টের ক্যাপশনে আরশাদ আদনান শুধু লিখেছেন, ‘নেক্সট’।
ক্যাপশনে আর কিছু না লিখলেও পোস্টটি শেয়ারের পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, ‘মোহাব্বাত’-এর সম্ভাব্য নায়িকা এই ‘কবির সিং’ অভিনেত্রী।
উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রয়াসে নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’—উভয় সিনেমাতেই বিদেশি নায়িকা রেখেছিলেন। তাই অনেকের মন্তব্য, এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে দেখা যেতে পারে।