জন্মদিনে সুখবর দিলেন বুবলী

সংবাদপাঠিকা থেকে সিনেমায় নাম লেখান বুবলী। ২০১৬ সালে নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বিপরীতে নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে।

শুক্রবার (২০ নভেম্বর) অভিনেত্রীর জন্মদিন। এই দিনে ভক্তদের নতুন একটি খবর দিলেন বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই খবর জানান অভিনেত্রী।

গত বছর বুবলী প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন। জানিয়েছিলেন, তার ‘বিগ প্রোডাকশন’ এর ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মিত হবে।

এবার জানালেন, তার ‘বিগ প্রোডাকশনের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা  ট্যালেন্ট সেকশন’ (Panorama Talent Section)-এ।

‘ঠিকানা’র পোস্টার

ফেসবুক পোস্টে বুবলী বলেন, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’

বুবলীকে সর্বশেষ দেখা গেছে ‘প্রেশার কুকার’ সিনেমায়। তার উল্লেখযোগ্য কিচু সিনেমা হলো-‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বীর’।