তিশা-পরীমণির বিতর্ক থেকে ন্যানসির বিচ্ছেদ, আলোচিত ৬ ঘটনা

চলতি মাসে ঢালিউডে আলোচনার কেন্দ্রে রয়েছে তারকাদের ব্যক্তিগত ও পেশাগত বিরোধ এবং তারকাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের চর্চা। ২৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে কয়েকটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে।

বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য সেসব আলোচিত-সমালোচিত থেকে ৬টি ঘটনা তুলে ধরা হলো-

তানজিন তিশার সদস্যপদ স্থগিত ও গ্রেফতারির আবেদন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের ফেসবুক পেজ থেকে গত ৬ নভেম্বর রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে অভিনেত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সংগঠনটি।

এ দিকে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় এই আবেদন করা হয়েছে।

গত ২৩ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এই আবেদন করা হয়।

পরীমণি-অপু বিশ্বাসের দ্বন্দ্ব

ছবি: সংগৃহীত

গত ১৫ নভেম্বর একটি অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ করে অপু বিশ্বাস বলেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’

অপুর ‘লেভেলে’ আসার মন্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন পরীমণি। ১৬ নভেম্বর নিজের ভেরিফায়েড আইডিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০ তে ১০০ বস। কোয়াটিলি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’

জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার

ছবি: সংগৃহীত

গত ১৮ নভেম্বর রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। তাকে জুলাই আন্দোলনে এনামুল হক নামের একজনকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালাগাল–হুমকি পরীমণির

ছবি: সংগৃহীত

গত ৫ নভেম্বর আদালতে জামিন নিতে আসা চিত্রনায়িকা পরীমণির দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ছাড়া এক সাংবাদিককে হুমকি, মারধর, গালাগাল, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অপদস্থ করার অভিযোগ উঠে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে।

জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

ছবি: সংগৃহীত

গত ১৫ নভেম্বর এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে হুমকি দেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা হেলাল খান। সে সময়ের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর মারাত্মক সমালোচনার মুখে পড়েন ‘জুয়াড়ি’খ্যাত অভিনেতা হেলাল খান।

ন্যানসির বিচ্ছেদের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার (২৫ নভেম্বর) রাতে ৯টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এটি নিশ্চিত করেন। ন্যানসি জানান, মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।