স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার

বর্তমানে বলিউডের অন্যতম ধনী অভিনেতা সালমান খান। কিন্তু সুপারস্টার হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার জনপ্রিয় টক শো ‘টু মাচ’-এ হাজির হয়ে নিজের স্কুলজীবনের এক আর্থিক টানাপোড়েনের স্মৃতি শেয়ার করেছেন তিনি।

সালমান জানান, ছোটবেলায় দুষ্টুমির কারণে প্রায়ই তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো। তবে একবার ফি সময়মতো জমা না পড়ার কারণে তাকে ক্লাসের বাইরে দাঁড় করানো হয়। তখন তিনি চতুর্থ শ্রেণির ছাত্র। বিষয়টি জানতে পেরে বাবা সেলিম খান শিক্ষিকাকে কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, সালমানের কোনও দোষ নেই। মূলত ফি জমা না দেওয়ার কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। এরপর সেলিম খান প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ফি জমা দেন।

তবে সেই ঘটনার দুই সপ্তাহ পর আবারও একই পরিস্থিতি তৈরি হয়। কঠিন সেই সময়ের কথা স্মরণ করে সালমান খান বলেন, সেই সময় তার পরিবারকে তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল।

আজকের বাস্তবতা অবশ্য একেবারেই ভিন্ন। মুদ্রা হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, সালমান খানের বর্তমান আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। অথচ কর্মজীবনের শুরুতে তিনি মাত্র ৩১ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। এমনকি মাত্র ১৪ বছর বয়সে তাজ হোটেলে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করে তার আয় হয়েছিল মাত্র ৭৫ টাকা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস