আরিয়ানা গ্র্যান্ডে, মার্কিন গায়িকা ও অভিনেত্রী। এরইমধ্যে হলিউডে তার জায়গা বেশ পাকাপোক্ত করেছেন। সম্প্রতি গুজব ছড়িয়েছে, ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্নের আসন্ন বায়োপিকে অভিনয় করবেন তিনি। তবে ঘটনা কতটুকু সত্যি? জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই।
ন্যাশনাল বোর্ড অফ রিভিউয়ের এক অনুষ্ঠানে গ্র্যান্ডে এ বিষয়ে কথা বলেন। এই গুঞ্জন সত্য কিনা তা নিশ্চিত করেননি তিনি। তবে একেবারে উড়িয়েও দেননি। কারণ তিনি চরিত্রটি করার ইচ্ছা পোষণ করেন।
আরিয়ানার এই কথা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন। কেউ চান আরিয়ানা হেপবার্নের চরিত্রে অভিনয় করুক, কেউ আবার মন্তব্য করেছেন, ‘তাকে মানাবে না।’
তবে আরিয়ানার কিছু ভক্ত চান, এই আইকনিক চরিত্রে তিনি অভিনয় করুন।
অবশ্য ভিন্নমতও দিয়েছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘তিনি (আরিয়ানা গ্র্যান্ডে) অড্রে চরিত্রে অভিনয় করছেন না। লিলি কলিন্সই একমাত্র এটা ভালো করবেন।’ আরেকজন লিখেছেন, ‘নাহ, আমার মনে হয় অ্যান হ্যাথওয়ে ভালো করবেন।’