অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান বর্তমানে নির্মাতা হালিনা রেইজনের ‘বেবিগার্ল’ সিনেমায় অভিনয় করছেন। তাকে বেশিরভাগ সময় নারী নির্মাতের সঙ্গে কাজ করতে দেখা যায়। ৮ বছরেরও বেশি সময় ধরে ১৯ জন নারী নির্মাতার সঙ্গে তিনি কাজ করেছেন।
সম্প্রতি এই বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন নিকোল।
টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে, অস্কারজয়ী এই অভিনেত্রী জানিয়েছেন, ২০১৭ সালে ‘মি টু’ আন্দোলনের পর থেকে প্রতি ১৮ মাসে তিনি একজন নারী নির্মাতার সঙ্গে কাজ করেছেন। এমনকি গত আট বছর ধরে, তিনি সিনেমা এবং টিভি শোতে কমপক্ষে ১৯ জন নারী নির্মাতার সঙ্গে কাজ করেছেন।
হলিউডে নারী নির্মাতাদের অবস্থান পরিবর্তনের জন্য নিকোল সদা সচেষ্ট রয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০২৪ সালের ইরোটিক থ্রিলারে ‘বেবিগার্ল’ পরিচালক হালিনা রেইজনের সিনেমায় কাজ করছেন।
রেইজন এর আগে দ্য হলিউড রিপোর্টারকে বলেছিলেন, ‘নারীবাদ এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যারা কাজ করেন, এমন কয়েকজনের মধ্যে নিকোল অন্যতম।’
নারীদের ‘সুপারওম্যান’ আখ্যা দেওয়াও নিকোলের পছন্দ নয়। এ বিষয়ে তিনি বলেন, “মানুষ বলে, ‘তুমি একজন সুপারওম্যান’, আমি এই কথাকে ঘৃণা করি।”
অভিনেত্রী স্বীকার করেছেন যে, তিনিও অন্য নারীদের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হন, এমনকি মাঝে মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবেন।
তিনি বলেন, ‘যখন আমার ক্যারিয়ারে পছন্দমতো কোনও কাজের অফার আসেনি, ব্যাপক সমালোচনা বা হুমকির সম্মুখীন হতে হয়েছে, আমার আত্মসম্মান ভেঙে পড়েছিলো, আমি কষ্টে শোকে ডুবে গিয়েছিলাম। সেসময় ছিল খুবই কঠিন। এমনকি আমাকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়। এসমস্ত দিনে আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি মানসিক যন্ত্রণায়। এটা খুবই ভয়াবহ অভিজ্ঞতা।’
সূত্র: দ্য হলিউড রিপোর্টার