শাহরুখের বাড়ি নিয়ে যত অভিযোগ

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ চলছে সংস্কারকাজ। সংস্কার চলবে দুই বছর ধরে। পরিবার নিয়ে আগেই বান্দ্রার পালি হিলের একটি ভাড়া অ্যাপার্টমেন্টে উঠে গেছেন শাহরুখ। এসব অবশ্য পুরনো খবর। নতুন খবর হলো, এই সংস্কার নিয়ে উঠেছে অভিযোগ।

মান্নাতে নাকি অবৈধভাবে নির্মাণকাজ চলছে। একজন পরিবেশকর্মীর অভিযোগের পর মুম্বাই পৌরসভা ও বন বিভাগ মান্নাতে যায়। তারা পরীক্ষা করে দেখছেন, আসলেই কোনও নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা। 

তবে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি কোনও অবৈধ কার্যকলাপ অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘কোনও অভিযোগ নেই। নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ চলছে।’

এদিকে বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘সংস্কার অনুমতি সম্পর্কে অভিযোগ পেয়ে একটি দল সাইট পরিদর্শন করেছে। অনুসন্ধানের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং শীঘ্রই জমা দেওয়া হবে।’সন্তানদের সঙ্গে শাহরুখ খান ও গৌরী খানবলা প্রয়োজন, পরিবেশকর্মী সন্তোষ দাউন্দকর মান্নাতের নির্মাণকাজ নিয়ে অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, সাবেক আইপিএস কর্মকর্তা ওয়াই পি সিং দাবি করেছেন যে, নগর জমির সীমা আইনকে পাশ কাটিয়ে ১২টি ছোট ফ্ল্যাট অনুমোদন করা হয়েছিল। সেগুলো মিলিয়ে একটি বিলাসবহুল আবাসস্থলে রূপ দেওয়া হয় মান্নাতকে। তার অভিযোগ, এতে পৌর সংস্থার সহায়তা ছিল।

তিনি পৌরসভার যোগসাজশের অভিযোগ করে বলেন, আইন মেনে চলতে এবং আবাসনের লক্ষ্য পূরণ নিশ্চিত করতে মালিকদের এখন ফ্ল্যাটগুলি পুনরুদ্ধার করতে হবে।

বলা প্রয়োজন, পরিবার নিয়ে কয়েক দশক ধরে মান্নাতে বসবাস করছেন শাহরুখ খান। এটি তার স্ত্রী, ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান ডিজাইন করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস