মারা গেছেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার। কোস্টারিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সাঁতার কাটার সময় স্রোতে ভেসে প্রাণ হারান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। সংবাদ সংস্থা রয়টার্স অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জানা গেছে, পরিবার নিয়ে কোস্টারিকায় ছুটি কাটাতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান ওয়ার্নার। ২০ জুলাই বেলা আড়াইটার দিকে ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের কাহুইতা শহরের কাছে প্লায়া গ্রান্দে সমুদ্রসৈকতে সাঁতার কাটছিলেন তিনি। সে সময় হঠাৎ প্রবল স্রোতে গভীর সমুদ্রের দিকে ভেসে যান এই অভিনেতা। কোস্টারিকার বিচার বিভাগীয় তদন্ত সংস্থা (ওআইজি) জানিয়েছে, প্রবল স্রোত ওয়ার্নারকে সাগরের দিকে টেনে নিয়ে যায়। রেড ক্রসের লাইফগার্ডরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
বলা প্রয়োজন, ওয়ার্নার মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন। জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘দ্য কসবি শো’-তে থিও হাক্সটেবলের চরিত্রে অভিনয়ে সাড়া ফেলেছিলেন তিনি। সিরিজটি ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়।
‘দ্য কসবি শো’ নিউ ইয়র্কের একটি কৃষ্ণাঙ্গ মধ্যবিত্ত পরিবারের জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল। যেখানে ওয়ার্নার ছিলেন ক্লিফ হাক্সটেবলের একমাত্র ছেলে থিও। ক্লিফের চরিত্রে অভিনয় করেন বিল কসবি। তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, বিশিষ্ট কবি ও মিউজিশিয়ান
দীর্ঘ ৪০ বছরের কেরিয়ারে বেশ কিছু টেলি শো, মিউজিক ভিডিও-র পরিচালনা করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে ম্যালকম-জামাল ওয়ার্নারের অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়।
সূত্র: রয়টার্স