থাই অভিনেত্রী ড্যাভিকা হুরনেকে আবারও দেখা যাবে মনস্তাত্ত্বিক ভৌতিক সিনেমা ‘ইনহেরিট’-এর সিক্যুয়েলে। সিনেমাটির পরিচালক বানজং পিসানথানাকুন বিষয়টি নিশ্চিত করেছেন। ‘শাটার’ ও ‘পি মাক’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সিক্যুয়েলেও থাকছেন ডাভিকা।
গত সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয় ‘ইনহেরিট’-এর। এবার জাকার্তা ওয়ার্ল্ড সিনেমা উৎসবের সমাপনী সিনেমা হিসেবেও প্রদর্শিত হচ্ছে এটি।
সিনেমাটিতে ওরানার্ট নামের এক তরুণীসদৃশ দাদির চরিত্রে অভিনয় করেছেন ড্যাভিকা। নাতনির ধনী পরিবারের সঙ্গে থাকতে শুরু করার পর জানা যায়, তার মধ্যে কয়েক শতাব্দী পুরোনো এক ভয়ংকর শতপদী আত্মার উপস্থিতি রয়েছে। সেই আত্মার লক্ষ্য পরিবারের সবচেয়ে ছোট সদস্য উই।
চরিত্রটির জন্য ড্যাভিকাই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। বানজংয়ের ভাষায়, চরিত্রটিকে একই সঙ্গে আকর্ষণীয়, সুন্দর ও মজার হতে হবে। এমনকি তার কাছে চরিত্রটি একজন ফ্যাশন আইকনের মতো।
শুটিংয়ের সময় ড্যাভিকাকে ‘বেসিক ইনস্টিংক্ট’ সিনেমায় শ্যারন স্টোনের ক্যাথরিন ট্রামেল এবং ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’-এ অ্যান্থনি হপকিন্সের হ্যানিবাল লেক্টার চরিত্র দুটি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিলেন তিনি।
২০১৩ সালে ‘পি মাক’ সিনেমার মাধ্যমে প্রথম একসঙ্গে কাজ করেন বানজং ও ডাভিকা। সিনেমাটি থাইল্যান্ডের সর্বোচ্চ আয় করা স্থানীয় চলচ্চিত্রের রেকর্ড গড়ে।
এদিকে থাই চলচ্চিত্রশিল্পের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছেন পরিচালক। তার মতে, স্থানীয় সিনেমার বাজার এখন ভালো অবস্থায় নেই। ‘ইনহেরিট’-এর মাধ্যমে আবারও দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে চান তিনি। সিনেমাটি আগামী ১৯ নভেম্বর থাইল্যান্ডে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে ড্যাভিকা বর্তমানে নারী সমকামী প্রেমের গল্পভিত্তিক চলচ্চিত্র ও সিরিজ প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন। সরকারি অর্থায়নের অভাবে থাই সিনেমায় বিভিন্ন ঘরানার কাজ করা কঠিন হয়ে পড়ছে বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি ‘সোপ অপেরা’ নামে একটি পারিবারিক স্বল্পদৈর্ঘ্য সিনেমা পরিচালনার কাজ শেষ করেছেন অভিনেত্রী। ২০২৭ সালে টেলিভিশন সিরিজের কাজে মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।