জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়

জনি ডেপের ‘এবেনেজার’ বিশ্বজুড়ে বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে। টিম ওয়েস্ট পরিচালিত ছবিটি প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আনুমানিক ৪ কোটি ২০ লাখ ডলার আয় করেছে। এটি বাংলাদেশি টাকায় প্রায় ৫২৫ কোটি।

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’-এর অন্ধকারাচ্ছন্ন নতুন রূপায়ণ এই ছবিটি উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ১ কোটি ৯০ লাখ ডলার।

অন্যদিকে, ৬৩টি দেশের আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ২ কোটি ৩০ লাখ ডলার।

ছবিতে এবেনেজার স্ক্রুজের চরিত্রে জনি ডেপের অভিনয় দর্শকদের বেশ ভালো লেগেছে। তার সঙ্গে অভিনয় করেছেন রুপার্ট গ্রিন্ট, আন্দ্রেয়া রাইজবোরো, স্যাম ক্লাফ্লিন, ডেইজি রিডলি, ট্রামেল টিলম্যান এবং ইয়ান ম্যাককেলেন।

দর্শকদের প্রতিক্রিয়াও ইতিবাচক। এক্সিট পোল অনুযায়ী, সিনেমাটি ‘এ মাইনাস’ সিনেমাস্কোর পেয়েছে। রটেন টম্যাটোজে ভেরিফায়েড হট পপকর্নমিটারে ছবিটির রেটিং ৯০ শতাংশ। অন্যদিকে পোস্টট্র্যাকে ৫-এর মধ্যে ৪ দশমিক ৫ স্টার পেয়েছে ছবিটি। জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ দর্শক জানিয়েছেন, জনি ডেপের অভিনয় দেখতেই তারা প্রেক্ষাগৃহে গিয়েছেন।

বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ বাজারেও প্রথম স্থান দখল করেছে ছবিটি। যুক্তরাজ্যে ৬৩৩টি প্রেক্ষাগৃহ থেকে ৫৪ লাখ ডলার আয় করে শীর্ষস্থান পেয়েছে ‘এবেনেজার’।

এছাড়া ইতালিতে ৩৬৫টি প্রেক্ষাগৃহ থেকে ২০ লাখ ডলার, মেক্সিকোতে ৮৫৫টি প্রেক্ষাগৃহ থেকে ১৭ লাখ ডলার, স্পেনে ৩২৩টি প্রেক্ষাগৃহ থেকে ১০ লাখ ডলার এবং পোল্যান্ডে ২০৮টি প্রেক্ষাগৃহ থেকে ৯ লাখ ডলার আয় করেছে ছবিটি।

অন্যদিকে, ফ্রান্সে ২৫ লাখ ডলার এবং জার্মানিতে ১৫ লাখ ডলার আয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে ছবিটি। অস্ট্রেলিয়ায় তৃতীয় এবং সংযুক্ত আরব আমিরাতে চতুর্থ স্থানে রয়েছে ‘এবেনেজার’।

ছবিটির প্রচারেও ব্যাপক আয়োজন করেছিল প্যারামাউন্ট। সান দিয়েগো কমিক-কনে জনি ডেপের চরিত্রের সাজে আকস্মিক উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ কোটি ২০ লাখের বেশি ইমপ্রেশন তৈরি করে। অন্যদিকে, ছবির ট্রেলার প্রকাশের সাত দিনের মধ্যে ২২ কোটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।