নিজের চেহারা ও শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোলোচনা চলছে ফ্লোরেন্স পিউর। তার মুখমণ্ডল ও শরীরের পরিবর্তন নিয়ে হাজারও মন্তব্য করেন নেটিজেনরা। কেউ দাবি করেন, তিনি মুখে ফিলার নিয়েছেন, কেউ আবার চোখের পাতায় অস্ত্রোপচার, মুখের চর্বি অপসারণ, চিবুকের অস্ত্রোপচার ও নাকের আকৃতি পরিবর্তনের কথা বলেন। এমনকি ওজন কমানোর ওষুধ ওজেমপিক ব্যবহারের অভিযোগও ওঠে।
এসব গুঞ্জনের জবাবে সম্প্রতি ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট দেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। পিউ জানান, একজন তারকা হওয়ার কারণে চেহারা নিয়ে নানা মন্তব্য শুনতে তিনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছেন।
তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে তার শরীর নিয়ে যেভাবে কাটাছেঁড়া করা হচ্ছে, তা তাকে বিচলিত করেছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পোস্টে অভিনেত্রী লেখেন, ঘুম থেকে উঠে হাজার হাজার মন্তব্য দেখতে পেয়েছেন, যেখানে তার চেহারা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করা হয়েছে। কী কী অস্ত্রোপচার তিনি করিয়েছেন বলে মানুষ দাবি করছে, সেসবের তালিকাও তুলে ধরেন তিনি।
পিউ লেখেন, ‘এটা এখনকার সময়ের একটা অদ্ভুত প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। মানুষ কী সত্য আর কী মিথ্যা, তা নিয়ে এক ধরনের উন্মাদনায় মেতে উঠেছে। কী আশ্চর্য! আমি তো জানতামই না, কেউ চাইলে রাতারাতি এতগুলো অস্ত্রোপচার করাতে পারে! বিষয়টি আমাকে সত্যিই বিচলিত করেছে। যেসব নারী এখন আমাকে এমন একজন মানুষ ভাবছেন, যিনি আসলে আমি নই, তাদের জন্য খারাপ লাগছে।’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও স্পষ্টভাবে নাকচ করেছেন অভিনেত্রী। তিনি বলেন ‘আমি কখনো ওজেমপিক ব্যবহার করিনি। মুখে কোনও অস্ত্রোপচারও করাইনি। আর কখনও বলবেন না যে আমার নাকটি স্বাভাবিক নয়। ছোটবেলা থেকেই আমার নাকের এই সুন্দর ঢালু আকৃতি রয়েছে।’
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে শরীরের গঠন নিয়ে নানা ধরনের কটাক্ষের শিকার হওয়ার কথাও জানিয়েছেন পিউ। তার ওজন কমানো, ওজেমপিক ব্যবহার কিংবা পেট দেখা যায় এমন পোশাক না পরার পরামর্শ দিয়েছেন অনেকে। এমনকি ডব্লিউডব্লিউই রেসলার সারায়ার চরিত্রে অভিনয়ের পর তার উরুর গঠন নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়েছিল।
অভিনেত্রী জানান, ৩০ বছরে পা দেওয়ার পর নিজের জীবনযাপন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তিনি। বিশেষ করে মদ্যপানের অভ্যাস পরিবর্তন এবং শরীরের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন।