রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো

বিনোদন রিপোর্ট 
২০ নভেম্বর ২০২৬, ১৯:০০ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৯:০০

রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট হয়ে উঠবে আসছে ডিসেম্বর মাস। এ মাসে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন সিরিজ ও জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম। রাজনৈতিক থ্রিলার, রোমান্টিক ড্রামা, অপরাধ ও রহস্যনির্ভর গল্প থেকে শুরু করে পারিবারিক টানাপোড়েন—বিভিন্ন ঘরানার এসব সিরিজে থাকছে তারকাদের চমক।

জেনে নেওয়া যাক,  ডিসেম্বরে নেটফ্লিক্সে কী কী দেখা যাবে…

ট্রিনিটি

ছবি: সংগৃহীত

১ ডিসেম্বর মুক্তি পাবে রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘ট্রিনিটি’। সাত পর্বের এই সিরিজ নির্মাণ করেছেন ‘লাইন অব ডিউটি’ ও ‘বডিগার্ড’খ্যাত জেড মারকিউরিও। এতে অভিনয় করেছেন গুগু এমবাথা-র ও রিচার্ড ম্যাডেন। গল্পে দেখা যাবে, যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের কমান্ডার ক্যাথরিন ডেকার একটি গোপন সামরিক কর্মসূচি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সন্ধান পান। এরপর তাকে ঘিরে তৈরি হয় রাজনৈতিক ও সামরিক উত্তেজনা। বিশ্বযুদ্ধের আশঙ্কা, ক্ষমতার দ্বন্দ্ব এবং রাষ্ট্রীয় গোপনীয়তা নিয়ে এগিয়ে যাবে সিরিজটির কাহিনি।

প্রাইড অ্যান্ড প্রেজুডিস

ছবি: সংগৃহীত

ডিসেম্বরের ৩ তারিখে মুক্তি পাবে জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর নতুন টেলিভিশন সংস্করণ। ছয় পর্বের এই সিরিজে এলিজাবেথ বেনেট চরিত্রে অভিনয় করেছেন এমা করিন এবং মিস্টার ডার্সি চরিত্রে জ্যাক লোডেন। এ ছাড়া অলিভিয়া কোলম্যানকে দেখা যাবে মিসেস বেনেটের ভূমিকায়। চিত্রনাট্য লিখেছেন ডলি অ্যালডারটন এবং পরিচালনা করেছেন ইউরোস লিন। বেনেট পরিবারের পাঁচ মেয়ের বিয়ে, প্রেম, সামাজিক মর্যাদা ও পারিবারিক প্রত্যাশাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। এলিজাবেথ ও ডার্সির সম্পর্কের পাশাপাশি তৎকালীন ইংরেজ সমাজের শ্রেণিগত ব্যবধানও তুলে ধরা হবে সিরিজটিতে।

দ্য মার্ডার অব জনবেনেট রামসে

ছবি: সংগৃহীত

ডিসেম্বরের ১০ তারিখে আসছে ‘দ্য মার্ডার অব জনবেনেট রামসে’। এটি অপরাধ ও রহস্যপ্রেমীদের জন্য। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ছয় বছর বয়সী জনবেনেট রামসের হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। এতে জনবেনেটের মা প্যাটসি রামসে চরিত্রে অভিনয় করেছেন মেলিসা ম্যাকার্থি এবং বাবা জন রামসে চরিত্রে ক্লাইভ ওয়েন। আট পর্বের এই সিরিজে হত্যাকাণ্ডের তদন্ত, পরিবারের ভূমিকা এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা রহস্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

আনঅ্যাকাস্টমড আর্থ

ছবি: সংগৃহীত

১৭ ডিসেম্বরের মুক্তি পাবে ‘আনঅ্যাকাস্টমড আর্থ’। লেখক ঝুম্পা লাহিড়ীর একই নামের ছোটগল্প সংকলন অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এতে অভিনয় করেছেন ফ্রিদা পিন্টো, সিদ্ধার্থ, ইন্দ্রনীল সেনগুপ্ত ও সারায়ু ব্লু। গল্পের কেন্দ্রে রয়েছেন পারুল চৌধুরী। অসুস্থতার কারণে স্বামী ও সন্তানকে নিয়ে মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে ফিরে আসেন তিনি। সেখানে পুরোনো প্রেমিকের সঙ্গে আবার দেখা হওয়ার পর তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তৈরি হয় নানা জটিলতা। অভিবাসী পরিবারের জীবন, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং সাংস্কৃতিক পরিচয়ের বিষয়গুলো উঠে আসবে সিরিজটিতে।

এমিলি ইন প্যারিস

ছবি: সংগৃহীত

ডিসেম্বরের ২৪ তারিখে মুক্তি পাওয়ার কথা জনপ্রিয় রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর নতুন মৌসুম। এতে এমিলি কুপার চরিত্রে ফিরছেন লিলি কলিন্স। নতুন পর্বগুলোতে এমিলির কর্মজীবন, প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে। প্যারিসের পাশাপাশি গ্রিস ও মোনাকোকেও গল্পের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখা যাবে। গ্যাব্রিয়েলের সঙ্গে এমিলির সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো
রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো
‘ভণ্ডামির একটা সীমা থাকা দরকার’, কাকে কটাক্ষ নবনীতার
‘ভণ্ডামির একটা সীমা থাকা দরকার’, কাকে কটাক্ষ নবনীতার
জন্মদিনে সুখবর দিলেন বুবলী
জন্মদিনে সুখবর দিলেন বুবলী
‘আপনার কোনও দোষ ছিল না, শুধু একটু বেহিসেবী ছিলেন’—ঝন্টুকে নিয়ে আলমগীর
‘আপনার কোনও দোষ ছিল না, শুধু একটু বেহিসেবী ছিলেন’—ঝন্টুকে নিয়ে আলমগীর
৪৫২ কোটি আয়, তবু ‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ
৪৫২ কোটি আয়, তবু ‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ