‘বিগ বস বাংলা’র ‘টিকিট টু ফিনালে’ টাস্কে সৌরভ দাসের চোট পাওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন জীতু কমল। তাকে ঘিরে সমালোচনার মাঝেই এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস।
সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকা দরকার।’ যদিও কার উদ্দেশে এই মন্তব্য, তা স্পষ্ট করেননি নবনীতা। তবে নেটিজেনদের একাংশের ধারণা, তার নিশানায় জীতু।
বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) পর্বে ‘টিকিট টু ফিনালে’র শেষ পর্যায়ের খেলায় মুখোমুখি হন জীতু ও সৌরভ। একটি রিকশায় পাশাপাশি বসে প্রতিপক্ষকে টাস্ক থেকে সরিয়ে দেওয়াই ছিল চ্যালেঞ্জ।
অভিযোগ, সৌরভ একটু নীচের দিকে ঝুঁকতেই তাকে ধাক্কা দেন জীতু। রিকশা থেকে পড়ে গিয়ে চোট পান সৌরভ, ভেঙে যায় রিকশার ছাউনিও। যদিও শেষ পর্যন্ত বিগ বস জীতুকেই বিজয়ী ঘোষণা করেন।
ঘটনার পর সৌরভের স্ত্রী অভিনেত্রী দর্শনা বণিকও সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে, জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতার এই পোস্ট নতুন করে চর্চার জন্ম দিয়েছে। এর আগে জীতুর আচরণ নিয়ে প্রশ্ন করা হলে নবনীতা জানিয়েছিলেন, প্রাক্তন স্বামীর ব্যক্তিগত জীবন বা সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার জায়গায় তিনি নেই।
শুধু নবনীতা নন, জীতুর সহকর্মী দিতিপ্রিয়াও সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন। তার কথায়, ‘একটা ছোট্ট সোজা প্রশ্ন, আমি যদি কোনও ক্রাইম করে সরি বলে দিই, আমায় ছেড়ে দেওয়া হবে তো? বিচারকের সামনে গিয়ে সরি বললে হবে তো?’
এদিকে, গতবারের বিগ বস বিজয়ী জয়জিতও সৌরভের পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘সৌরভ হেরে গেলেও মানুষের মন জেতা যায়। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে খেলায় ফের।’
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা