নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলছিলেন প্রেসিডেন্ট

নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর তাকে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ব্রিটিশ অভিনেতাকে নিয়ে মন্তব্য করার আগে তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি।

‘দ্য নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ওভাল অফিসে এক সাক্ষাৎকারে প্যাটিনসনকে নিয়ে প্রশ্ন করা হয় ট্রাম্পকে।

এরপর প্রেসিডেন্ট নিজের সহযোগী ন্যাটালি হার্পারকে ডাকেন। তিনি প্রশ্ন করেন, ‘জেমস বন্ড কি রক্ষণশীল?’

জবাবে ন্যাটালি প্যাটিনসন সম্পর্কে কিছু তথ্যসংবলিত কাগজ তার হাতে দিয়ে বলেন, ‘সে ভালোই।’সে সময় প্যাটিনসনকে নিয়ে নিজের পুরোনো একটি পোস্ট দেখতে পান ট্রাম্প।

২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে অভিনেতার সাবেক প্রেমিকা ও ‘টোয়াইলাইট’ সিনেমার সহশিল্পী ক্রিস্টেন স্টুয়ার্টকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

ট্রাম্পের সেই পুরোনো পোস্টে লেখা ছিল, ‘রবার্ট প্যাটিনসনের ক্রিস্টেন স্টুয়ার্টকে ফিরিয়ে নেওয়া উচিত নয়। সে তার সঙ্গে কুকুরের মতো প্রতারণা করেছে এবং আবারও করবে—দেখে নিও।’

উল্লেখ্য, ২০১২ সালে প্যাটিনসনের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছিলেন ক্রিস্টেন। এরপর তাদের বিচ্ছেদ নিয়ে টুইটারে একের পর এক পোস্ট করেছিলেন ট্রাম্প। প্যাটিনসনও একসময় ট্রাম্পের এই আগ্রহকে ‘অদ্ভুত কৌতূহল’ বলে মন্তব্য করেছিলেন।

এমনকি ট্রাম্প যখন তাদের সম্পর্ক নিয়ে পোস্ট করা বন্ধ করে দেন, তখন নিজেকে উপেক্ষিত মনে হওয়ার বিষয়টি নিয়েও রসিকতা করেছিলেন অভিনেতা।