বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তার পেশাগত সাফল্যের পাশাপাশি বেপরোয়া ও খোলামেলা বক্তব্যের জন্য বরাবরই খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি অভিনেতা শেখর সুমনের জনপ্রিয় টক শো ‘শেখর টু নাইট’-এর গান্ধী জয়ন্তী স্পেশাল পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। অনুষ্ঠানে পুরো ‘মুন্না ভাই’ অবতারে অংশ নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি ও বিশ্ব রাজনীতি নিয়ে বেশ কিছু মজার ও কটাক্ষপূর্ণ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবেগঘন কণ্ঠে সঞ্জয় বলেন, আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালোবাসাময়, এখানে শান্তি থাকা উচিত। কিন্তু সত্যি বলতে, আমাদের দেশে আগের মতো সেই শান্তি আর অনুভব করতে পারি না। ভারতীয়দের হৃদয় বড় এবং আমরা অতিথিপরায়ণ। আমি মহাদেব (শিবজি)-র কাছে প্রার্থনা করি যেন সেই পুরোনো শান্তিময় দিনগুলো খুব শিগগির ফিরে আসে।
শেখর সুমন তাকে ৫ মিনিটের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করতে বললে সঞ্জয় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তোপ দেগে বলেন, প্রধানমন্ত্রী হয়ে উদযাপন করার জন্য আমি বিদেশে ঘুরে বেড়াব না, দেশের মানুষের মাঝে থাকব। না হলে প্রধানমন্ত্রী আর আমজনতার কানেকশন কীভাবে তৈরি হবে?
গান্ধীজির তিন বাঁদরের কথা মনে করিয়ে দিয়ে তিনি রসিকতা করে বলেন, আজ একটা চতুর্থ বাঁদরেরও দরকার। সবাই যদি চোখ, কান, মুখ বন্ধ করে বসে থাকে, তবে খারাপ কিছু দেখলে সেটা ঠিক কে করবে? দেশ চলবে কীভাবে?
তিনি সরকারি দেওয়ালে নিজের ছবি কমিয়ে গান্ধীজির ছবি ও নীতি বেশি লাগানোর প্রস্তাব দেন।
আন্তর্জাতিক পরিস্থিতি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে বিশ্ব রাজনীতিতে ‘গান্ধীগিরি’ চালুর কথা বলেন সঞ্জয়। তিনি মজা করে বলেন, ‘ট্রাম্প মামু সবাইকে ফ্রেমের বাইরে বার করতে চাইছে। ভালোবাসা ছড়িয়ে দেওয়া উচিত। মিসাইল না পাঠিয়ে ফুল পাঠানো দরকার এবং বাড়িতে ডেকে চা খেতে খেতে সমস্যার সমাধান করা দরকার।
শেষে নিজের হিট সংলাপ আওড়ে রসিকতা করে বলেন, ‘আমি আমেরিকা আসছি, তোমায় জাদুকি ঝাপ্পি দিতে।’
সঞ্জয় দত্ত নিজে সরাসরি রাজনীতি না করলেও তার বাবা প্রয়াত সুনীল দত্ত কংগ্রেসের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বোন প্রিয়া দত্তও জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় কর্মী।
সূত্র: হিন্দুস্তান টাইমস