তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’

রাইসা গ্রামের মধ্যবিত্ত ঘরের সাদামাটা মেয়ে। একটু চাপা স্বভাবের কারণে সবার সঙ্গে সহজে মিশতে পারে না সে। অপরদিকে পার্থ সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। তার মা-বা, ছোট ভাইবোন সবাই খুবই মিশুক। বিপরীত মেরুর মেয়েটি ও ছেলেটি একবিন্দুতে এসে মিলে যায় ভালোবাসার হাওয়ায়। ঈদের নাটক ‘জখম’-এর গল্প এমন। এতে রাইসা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

‘জখম’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মূলত প্রতিশোধের গল্প। যদিও গল্পের পুরোটা জুড়ে থাকছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসারের চিত্র। ছোট পর্দার জন্য তৈরি হলেও নাটকের ক্যানভাস বেশ বড়।’

‘জখম’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী ও তৌসিফ মাহবুব (ছবি: সিএমভি)

সিএমভি’র স্বত্বাধিকারী ও নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের রোজার ঈদে ২০টি বিশেষ নাটকের আয়োজন করেছে তার প্রতিষ্ঠান। ‘জখম’ সেই তালিকার অন্যতম নির্মাণ। 

‘জখম’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী ও তৌসিফ মাহবুব (ছবি: সিএমভি)

‘জখম’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইসরাত অতিথি। সদ্য শুটিং হওয়া এই নাটকের চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম শুভ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘জখম’ মুক্তি পাবে ইউটিউবে সিএমভি চ্যানেলে।