মিন্নির ফেরা... (ভিডিও)

গান আর গিটার ঘিরেই শারমিন আহমেদ মিন্নির জীবন। শিল্পীর পক্ষে দাবি রয়েছে, দেশের প্রথম নারী গিটারিস্ট তিনি। একটা সময় গিটার ও গানে ব্যস্ততায় ডুবে ছিলেন। সেই ছন্দময় পথচলায় বড় বাধা হয়ে আসে মরণব্যাধি ক্যানসার। দীর্ঘ দিন ধরেই সেই রোগের সঙ্গে লড়তে হয়েছে।

অবশেষে ক্যানসার জয় করে পুরোপুরি সুস্থ জীবনে ফিরেছেন মিন্নি। আর ফিরলেন তার চেনা জগত গানেও। প্রকাশ্যে এনেছেন নিজের নতুন গান ‘বোঝাপড়া’। মিউজিক ভিডিওসহ এটি প্রকাশ হয়েছে অন্তর্জালে।

মিন্নির একটি ব্যান্ড রয়েছে ‘নির্বাসন’ নামে। সেই ব্যান্ড থেকেই গানটি প্রকাশ করেছেন। রক ধাঁচের গানটির কথা লিখেছেন ও সুর বেঁধেছেন মইন জাকি। প্রযোজনায় কনটেক্সট জি ফিল্মস। ভিডিওতে মডেল হয়েছেন প্রিন্স এ আর ও জেবা জান্নাত।

নতুন গান ও নিজের ফেরা প্রসঙ্গে মিন্নি বলেন, ‘অসুস্থতায় গান থেকে কিছুটা দূরে থাকতে হয়েছিল। তবে মনের ভেতর গান সবসময় ছিল, আছে। আমরা শিল্পীরা বরাবরই চাই শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকতে। দেশে প্রচুর ব্যান্ডপ্রেমী আছেন। তাদের জন্যই ফিরে আসা, গান করা। আশা করছি আমাদের নতুন এই গান শ্রোতাদের পছন্দ হবে।’

শারমিন মিন্নি জানান, ব্যান্ড ‘নির্বাসন’র হয়ে এখন থেকে নিয়মিত গান করবেন। 

গানের লিংক: