মনিরুজ্জামান মনির, পাড়ি দিয়েছেন সংগীতের দীর্ঘ পথ। এবার প্রথমবারের মতো বই প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত এই গীতিকবি। বইয়ের নাম ‘সূযোদয়ে তুমি’।
নিজেরই লেখা কালজয়ী দেশাত্মবোধক গান ‘সূর্যোদয়ে তুমি’ থেকে নামটি নিয়েছেন তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গীতিকবি। সদ্য শেষ হওয়া একুশের বইমেলায় ২৭ ফেব্রুয়ারি প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে এসেছে বইটি।
বইটি গত বছর প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এতে নিজের লেখা ৩০০ গানের একটি সংকলন রেখেছেন বলে জানিয়েছেন মনিরুজ্জামান মনির। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন গানের শিল্পী-সংশ্লিষ্টদের সঙ্গে বিরল সব ছবি-স্মৃতি।
বইটি প্রসঙ্গে গীতিকার মনিরুজ্জামান মনির বলেন, ‘একটু টেকনিক্যাল কারণে গত বছর বইমেলায় বইটি প্রকাশ করা হয়নি। অবশেষে এবার মেলার শেষ দিকে বইটি এসেছে। এবারই প্রথম আমার কোনও বই প্রকাশ পেলো। মেলার শুরুতে বের হলে হয়তো আরও ভালো লাগতো। তারপরও আমার গান যারা পছন্দ করেন তারা বইটি ধীরে ধীরে বইটি সংগ্রহ করবেন বলে বিশ্বাস করি।’
বলা প্রয়োজন, ৭৩ বছর পার করা গীতিকবি মনিরুজ্জামান মনির ১৯৫২ সালের ২৮ জানুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার তেঘরিয়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম নেন। ঢাকায় এসে প্রফেশনালি প্রথম গান লেখেন বাংলাদেশ বেতারের জন্য। ১৯৭২ সালে লেখা সেই গানের নাম ‘ও রূপসী ও ষোড়শী’। প্রণব দাশের সুরে গানটি গেয়েছিলেন আকরামুল ইসলাম। ঢাকা বেতারের কমার্শিয়াল সার্ভিসে গানটি প্রচার হয়। এরপর ১৯৭৩/৭৪ সালের দিকে কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর সুরে বিটিভিতে গান লেখার শুরু মনিরুজ্জামান মনিরের। এরপর ১৯৮০ সালের দিকে আলাউদ্দিন আলীর সুরেই ‘সন্ধিক্ষণ’ সিনেমায় প্রথম গান লেখেন। এরমধ্যে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘চলতে পথে বাধা আসে’ গানটি ভালো জনপ্রিয়তা পায়।
গানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যদিও তিনটি পদকই ২০২৩ সালে তার ঢাকার বাসা থেকে চুরি হয়েছে। এখনও উদ্ধার হয়নি সেগুলো।
এছাড়াও তিনি ২০০৪ সালে পেয়েছেন একুশে পদক।