একুশে পদক পেয়ে রিকশায় ফিরলো ওয়ারফেজ ব্যান্ড

প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে একুশে পদক পেয়েছে ওয়ারফেজ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিয়ে রিকশায় যার যার গন্তব্যে ফিরেছেন ব্যান্ডটির সংগীতশিল্পীরা। রিকশায় বসে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ব্যান্ডটির গিটারশিল্পী ইব্রাহিম আহমেদ কমল।  

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল এই আয়োজন। ওয়ারফেজের সংগীতশিল্পীরা একুশে পদক গ্রহণের পর রিকশাযোগে গন্তব্যে ফেরেন। 

গিটারশিল্পী ইব্রাহিম আহমেদ কমল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা একুশে পদক পেয়ে রিকশায় ফিরে এলাম।’

রিকশাচালকের পাশে ওয়ারফেজ ব্যান্ডের সংগীতশিল্পীরা (ছবি: কমলের ফেসবুক অ্যাকাউন্ট)

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু। দলটির বর্তমান লাইনআপে আরও আছেন ইব্রাহিম আহমেদ কমল, শামস মনসুর গণি, নাইম হক রজার, পলাশ নূর, সামির হাফিজ ও সৌমেন দাস। রিকশায় কমলের সঙ্গে সাবেক সদস্য বালামকে দেখা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন শেখ মনিরুল আলম টিপু (ছবি: ওয়ারফেজের ফেসবুক পেজ)

এবার দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়। সংগীতাঙ্গনে গৌরবোজ্জ্বল অবদানের জন্য ওয়ারফেজ এই স্বীকৃতি পেলো। অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ ও পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

এছাড়া চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার, সাংবাদিকতায় শফিক রেহমান ও শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার একুশে পদক পেয়েছেন। 

মূলত ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ১৯৭৬ সাল থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে একুশে পদক দিচ্ছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়।