দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ

প্রথমবারের মতো এক গানে পাওয়া গেল দুই সহোদর সংগীতশিল্পী অটামনাল মুন ও শুভেন্দু দাস শুভকে। ২০ আগস্ট শুভেন্দু দাস শুভর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তাদের ‘তোমাকে দেখা মানে’ শিরোনামের গানটি।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি মুন দুই যুগ আগে এই গানটির কথা ও সুর করেছেন। এটির রেকর্ডিংও প্রায় এক যুগ আগে হয়েছে । দীর্ঘ অপেক্ষার পর এবার প্রকাশ পেল এটি।

গানটির মিউজিক কো-প্রডাকশন ও নাইলন গিটারে শুভেন্দু দাস শুভ। মিক্স ও মাস্টারিং করেছেন ইফতেখায়রুল আলম শুভ। ভিডিও প্রযোজনায় সাঈফ হোসাইন।

শুভেন্দু জানান, ‘তোমাকে দেখা মানে’ গানটির সূচনা ২০০২ সালে। সে সময় বড় ভাই অটামনাল মুনের মুখে গানটি শুনেছিলেন তিনি। পরে গিটার বাজিয়ে নিজেও গানটি গেয়েছেন। ২০১৬ সালে দুই ভাই গানটি রেকর্ডিং করেন। দীর্ঘদিন পর এবার সেটি প্রকাশ করা হলো।’’

অটামনাল মুন বলেন, ‘গানটি আমার সবচেয়ে প্রিয় সৃষ্টিগুলোর একটি। আমার এই গানের সঙ্গে সঙ্গে বড় হয়ে উঠেছে আমার ভাই শুভেন্দু দাস শুভ। অবশেষে গান এবং শুভেন্দু দুজনই তরুণ হলো। প্ল্যান হলো। দুই ভাই দুটি গিটার নিয়ে বাজিয়ে ফেললাম।’

মুনের মতে, শুভেন্দু যুক্ত না হলে গানটি বর্তমান রূপ পেত না।

তিনি বলেন, ‘আমি একা বাজালে কখনও এই গান এরকম হতো না, হবে না। কারণ এই গানটি নিয়ে যে আবেগ, উদ্দীপনা ও ভালোবাসা—সেটা শুধু আমি একা বহন করিনি, কিংবা একা ধারণ করিনি। গানটির গিটার ও হারমোনাইজের কাজেও শুভেন্দুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’