শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীতে তাল, ছন্দ ও লয়ের বৈচিত্র্য অনুধাবনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নজরুলের ছন্দতরঙ্গ’। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এটি শেষ হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এটি আয়োজন করা হয়। এতে তালবাদ্য যন্ত্রশিল্পী ও সংগীত শিক্ষার্থীসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।

আয়োজনের পুরোটা জুড়েই ছিল নজরুলের সংগীতের তাল, ছন্দ ও লয় নিয়ে অ্যাপ্রিসিয়েশন। তার বিভিন্ন গানে ব্যবহৃত তাল-ছন্দ, লয়ের বৈচিত্র্য, যন্ত্রসংগীতের ভূমিকা এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয় নিয়ে শিল্পীদের মধ্যে আলোচনা, মতবিনিময় ও অনুশীলন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন জানান, নজরুল সংগীতে তাল, ছন্দ ও লয়ের বৈচিত্র্যময় প্রয়োগকে শিল্পীদের কাছে নতুনভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল। দেশের বিভিন্ন প্রান্তের যন্ত্রশিল্পীদের একত্র করে এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সম্মিলিতভাবে কাজের সুযোগ তৈরি করা হয়েছে।

‘নজরুলের ছন্দতরঙ্গ’ অংশগ্রহনকারীদের একাংশ

আয়োজেন নজরুল সংগীতের তাল, ছন্দ ও লয় নিয়ে বিশেষ ভাবে কথা বলেন দেশের স্বনামধন্য শিল্পী ড. প্রিয়াংকা গোপ, ড. পরিতোষ মন্ডল, ড. কমল খালিদ।

এছাড়া মিলন ভট্টাচার্য, পল্লব সান্যাল, এনামুল হক ওমর, গৌতম সরকার, বিশ্বজিৎ সরকার, বিশ্বজিৎ নট্ট, রবীন্দ্রনাথ পাল, সরুপ হোসেন, রাশেদুল হাসান জীবন, সুষেন রায়সহ প্রমুখ সংগীতজ্ঞরা এটির অনুধাবন তুলে ধরেন।