‘নেশার’ পর কুসুমের ‘প্রবল ঘোর’

অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার পরেও গান থেকে দুরে সরে যাননি কুসুম শিকদার।  ২০০২ সাল থেকে পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছেন তিনি। তার আগেই গান দিয়েই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল। অ্যালবামও প্রকাশ করেছিলেন তিনি।  

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ৩টা ৩০ মিনিটে নতুন গান প্রকাশ করছেন কুসুম। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘প্রবল ঘোর’ শিরোনামে গানটি। এটি লিখেছেনও কুসুম। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি।

এর আগে তার প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ছিল ‘নেশা’। ২০১৭ সালে এটি প্রকাশ করেন তিনি। সে সময় গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া পেলে।

নতুন গানটি প্রসঙ্গে কুসুম জানান, প্রায় ৯ বছর পর নতুন গান নিয়ে আসছেন। করোনাভাইরাসের শুরুর সময়ে লিখেছিলেন এটি। পরে রেকর্ডিং করলেও মিউজিক ভিডিও শুটিং করতে না পারায় গানটি আর প্রকাশ করেননি। জানালেন,  গত জুনে কক্সবাজারে গানটির মিউজিক ভিডিও শুটিং করেছেন। তার সঙ্গে মডেল হয়েছিলেন শাহ রাসেল।

ছবি: ফেসবুক থেকে

কুসুম শিকদার বলেন, ‘মাঝখানে সিনেমা পরিচালনা করেছি। এতে বড় একটা সময় চলে যায়। যে কারণে চাইলেও গানটির সব কাজ শেষ করতে পারছিলাম না। এই সময় কিছু গান করলেও মৌলিক গান করতে পারিনি। এদিকে প্রায়ই দর্শকদের অনেকেই জানতে চান, নতুন গান কবে আসছে। আমার ‘নেশা’ গানটির কথা এখনো অনেকেই বলেন। যে কারণে মনে হলো, মাঝেমধ্যে মৌলিক গান প্রকাশ করা উচিত।’

এদিকে ‘শরতের জবা’র দুই বছর পর পরিচালক হিসেবে দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন কুসুম শিকদার। নাম এখনো চূড়ান্ত করেননি। তবে গল্প চূড়ান্ত করেছেন। চলছে চিত্রনাট্যের কাজ।

অভিনেত্রীর ভাষ্য, ‘সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে সিনেমাটি নিয়ে শুটিংয়ে যেতে চাই।’