বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসা, মমত্ববোধ ও সচেতনতার বার্তা নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কাজী শুভ। গানের শিরোনাম ‘সে আমার সন্তান’। এটি লিখেছেন জাকিউল হাই দিপু। সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব।
আগামী ১ ডিসেম্বর কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।
গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের জীবনেরই অংশ। তাদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও আন্তরিকতা আমাদের সবার দায়িত্ব। এই ভাবনা থেকেই গানটি করার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সে দায়িত্ব কেউ একজন শুরু করলে অন্যরাও উৎসাহিত হয়। আমি আশা করি গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে এবং দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।’