শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘দুর্গা আমার মনের কথা জানে’ শিরোনামের নতুন গান। রাজন সাহার কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছে ‘নতুন কুঁড়ি ২৫’-এর জাতীয় পর্যায়ে আলোচিত মুখ কৃতজ্ঞতা সাহা।
গানটি অ্যানিমেশন ভিডিও ও সাধারণ ভিডিও—দুটি সংস্করণে প্রকাশিত হয়েছে। স্টুডিও জয়ার সব অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে গান দুটি উপভোগ করতে পারছেন শ্রোতা-দর্শকেরা।
ভিডিও দুটি নির্মাণ করেছেন শীমুল মল্লিক ও অনিক চন্দ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ, আবেগ, সম্প্রীতি ও উৎসবমুখর আবহকে কেন্দ্র করে গানটি তৈরি করা হয়েছে। দেবী দুর্গার আগমন ঘিরে বাঙালির চিরন্তন আনন্দ, ভালোবাসা ও উৎসবের অনুভূতি গানের কথা, সুর ও সংগীতায়োজনে তুলে ধরার চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা।
পূজার আবহে প্রকাশিত এই গানটি উৎসবপ্রেমী শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।