দুর্গাপূজায় ব্যতিক্রমী সাজসজ্জার কারণে আলোচনায় এসেছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর তালুকদারবাড়ি বাণীমন্দিরের পূজামণ্ডপ। ‘রিপু রজনী’ থিমে সাজানো এই মণ্ডপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। এবার আলোচিত এই মণ্ডপে হাজির হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি। মহানবমীতে তিনি মণ্ডপটি দর্শন করেন।
এ সময় পূজা চেরির পরনে ছিল কালো রঙের শাড়ি। শাড়িটিতে জরি ও সুতার নান্দনিক নকশা করা ছিল। মণ্ডপে প্রণাম করার পাশাপাশি অন্য একটি মণ্ডপে দেবী দুর্গার আরাধনার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে নবমীর তাৎপর্য তুলে ধরে একটি বার্তাও দিয়েছেন পূজা চেরি। তিনি লেখেন, ‘নবমী আমাদের মনে করিয়ে দেয়, দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করা সহজ, কিন্তু নিজের চেতনায় প্রতিষ্ঠা করা কঠিন। যতদিন অন্যায়ের সামনে নীরবতা, নারীর অসম্মানে উদাসীনতা আর দুর্বলের কান্নায় নির্বিকারতা থাকবে, ততদিন দেবী আরাধনা পূর্ণতা পাবে না। সত্যিকারের পূজা তখনই, যখন অসুরবধ কেবল পৌরাণিক কাহিনি হয়ে থাকে না, বরং আমাদের বিবেকের প্রতিদিনের সংকল্প হয়ে ওঠে।’
চট্টগ্রামের উত্তর কাট্টলীর বাণীমন্দিরে এবার ৫৮তম দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সেবাখোলা ও বৈকুণ্ঠধাম পূজা উদযাপন পরিষদের আয়োজনে মণ্ডপের থিম রাখা হয়েছে ‘রিপু রজনী’। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য; মানুষের এই ছয়টি রিপু বা অন্তর্দ্বন্দ্বের বিরুদ্ধে আধ্যাত্মিক সংগ্রামই থিমের মূল ভাবনা।
মণ্ডপটির বিশেষত্ব হলো, প্রতিমা তৈরিতে মাটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে মেটাল। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই ভাবনার পেছনে রয়েছেন অপটিমিস্টিক দে। দেবীর প্রতিমায় কারুকাজ করেছেন শিল্পী কার্তিক পাল। পাশাপাশি ‘কৈলাশ লাইটিং’-এর ব্যবস্থাপনায় কৃত্রিম কুয়াশা ও নীল লেজার আলো মণ্ডপে তৈরি করেছে ভিন্ন আবহ।