প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা

মৃত্যুর আগে বেশ কিছু গানে সুর দিয়ে যান প্রয়াত সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দ। তার অপ্রকাশিত সেই গানগুলোর একটিতে কণ্ঠ দিযেছেন ক্লোজআপ তারকা সাব্বির। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শিল্পী সাঈদা শম্পা।

গানটির শিরোনাম  ‘হারিয়ে যাওয়া সেই দিন’। এটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ । সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার অফিসিয়াল ইউটিউব ও ফেসবুকে মুক্ত হয়েছে এটি।

গানটি নিয়ে শিল্পী সাঈদা শম্পা বলেন,'গানটির কথা ও সুরের মধ্যে যে আবেগ রয়েছে, তা কণ্ঠে ধারণ করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের ব্যক্তিগত স্মৃতির সঙ্গে মিশে যাবে। লাকী আখান্দের মতো একজন কিংবদন্তির সুর করা গান গাওয়া বরাবরই সৌভাগ্যের। গোলাম মোর্শেদ ভাইয়ের লেখা গান নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবমিলিয়ে আশা করছি শ্রোতাদের হৃদয়ের কাছে পৌঁছে যাওয়ার মতো গান এটি।’

লাকী আখান্দ

সাব্বির জামান বলেন, ‘গানটিতে আমরা সর্বোচ্চ আবেগ ও আন্তরিকতা দিয়ে গেয়েছি। লাকী আখান্দ স্যারের সুর আর গোলাম মোর্শেদ ভাইয়ের কথায় তৈরি এই গানটি শ্রোতাদের কাছে তুলে ধরতে পেরে ভালো লাগছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘কিছু গান থাকে, যেগুলোর সঙ্গে মানুষের স্মৃতি, আবেগ আর জীবনের গল্প জড়িয়ে থাকে। ‘হারিয়ে যাওয়া সেই দিন’ তেমনই একটি গান। শ্রোতারা গানটির মধ্যে নিজেদের ফেলে আসা দিনগুলোর ছায়া খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।'