নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। তার এবারের গানের শিরোনাম ‘অশ্রু’। আবেগঘন কথামালা ও সুরের সমন্বয়ে তৈরি করেছেন গানটি। এটির সুর করেছেন ফাহিম ইসলাম নিজেই। তার সঙ্গে গানের কথা লিখেছেন সিমন। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
‘অশ্রু’ গানটির বিশেষত্ব হলো, এর কথা, সুর ও সংগীতায়োজনে রয়েছে একাধিক সংগীতশিল্পীর সৃজনশীল অংশগ্রহণ।
নিজের সুরে নতুন এই গান দিয়ে শ্রোতাদের কাছে ভিন্ন এক সংগীত-অনুভূতি পৌঁছে দিতে চান ফাহিম। তিনি বলেন, ‘২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলাম। তখন আমি ব্যান্ড করতাম। নিজের ভালো লাগা থেকেই এত বছর পর নতুন করে গানটি তৈরি করেছি। তবে চেষ্টা করেছি সেই সময়ের ব্যান্ডের আবহ ও পুরোনো স্বাদটা ধরে রাখতে।’
তিনি আরও বলেন, ‘গানটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি, নতুনভাবে করা ‘অশ্রু’ শুনে শ্রোতারাও সেই পুরোনো দিনের কিছুটা অনুভূতি খুঁজে পাবেন।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউটিউবে ফাহিমইসলাম চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ফেসবুকসহ সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই শোনা যাবে।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ নামে তার আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়।
এছাড়া প্রায় ২০টি একক গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক।