‘শুয়া চান পাখি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি’—গানটির সুর শুনলে আজও অনেকের মনে পড়ে একটি দরাজ কণ্ঠ। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার এই গান দিয়েই সারা দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন বারী সিদ্দিকী। তার কণ্ঠে ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পুবালি বাতাসে’ ও ‘আমি একটা জিন্দা লাশ’ গানগুলোও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তার মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে ৬৩ বছর বয়সে মারা যান তিনি।
এ দিনে জেনে নেওয়া যাক তার সম্পর্কে ৫টি বিশেষ তথ্য-
১.নেত্রকোনা সরকারি কলেজে ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন বারী সিদ্দিকী।
২. ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে সাতটি গানে কণ্ঠ দেন বারী সিদ্দিকী। ‘শুয়া চান পাখি’ গানটি সে সময় তুমুল জনপ্রিয়তা পায়। ছবির সংগীতের জন্য বাচসাস পুরস্কারও পান তিনি।
৩. ১৯৯৯ সালেই জেনেভায় বিশ্ব বাঁশি সম্মেলনে অংশ নেন বারী সিদ্দিকী। ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি।
৪.১৯৮৬ সালে প্রথম বিটিভিতে এক অনুষ্ঠানে বাঁশি বাজান তিনি।
৫.বারী সিদ্দিকী ‘মাটির পিঞ্জিরা’ নামের একটি চলচ্চিত্রে এবং ফেরারি অমিতের নির্দেশনায় ‘পাগলা ঘোড়া’ নাটকে অভিনয় করেন।
প্রসঙ্গত, ১৯৫৪ সালের ১৫ নভেম্বর ভাটি অঞ্চলের এই জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের ফচিকা গ্রামে বারী সিদ্দিকীর জন্ম। পরিবারেই শৈশবে তার গান শেখার হাতেখড়ি হয়।