রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হয় রোমানিয়ার পপ গায়িকা ওটিলিয়ার কনসার্ট। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’কনসার্টে দর্শকদের মাতান তিনি। ইমেকার্স বাংলাদেশের আয়োজনে কনসার্টটি হয়েছে।

কনসার্ট শেষে শনিবার (২৮ অক্টেবোর) ঢাকা ছাড়ার আগে রিকশায় চড়ে ঘুরলেন ওটিলিয়া।

তার ফ্লাইটে কয়েক ঘণ্টা আগেই দেখা যায় গুলশানের উত্তরাংশের সড়ক ধরে এগিয়ে চলছে একটি রিকশা। তাতে বসে আছেন রোমানিয়ার পপ গায়িকা। রাতের শহরটাকে একটু কাছ থেকে দেখার ইচ্ছা থেকেই রিকশা চড়েন বলে জানা যায়। গাড়ির বদলে তাই বেছে নিলেন ঢাকার ঐতিহ্যবাহী এই বাহন।

এ সময় তার সঙ্গে ছিলেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের নাইম আশরাফ। আলোঝলমলে সড়ক, রাস্তার দুই পাশের ভবন আর রাতের ঢাকার পরিবেশ—সব মিলিয়ে এই রিকশাভ্রমণ ওটিলিয়ার এবারের বাংলাদেশ সফরে যোগ করলো অন্য রকম এক অভিজ্ঞতা।

রিকশায় চড়ার আগে গণমাধ্যমকে বাংলাদেশ সফরের অনুভূতি জানান ওটিলিয়া। বললেন, ‘দারুণ একটি অনুষ্ঠান শেষে দেশে ফিরতে ভালো লাগছে। আবারও বাংলাদেশে আসতে চান তিনি। এ দেশের মানুষের ভালোবাসা তার অনেক দিন মনে থাকবে।’

রিকশায় বসেও নিজের অনুভূতি প্রকাশ করেন এই গায়িকা। বিদায়ের আগে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে ওটিলিয়া বলেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক মিস করবো। রিকশায় চড়াও মিস করবো।’

চার বছর পর এবার বাংলাদেশে এসেছেন ‘বিলিয়নেরা’খ্যাত এই গায়িকা। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন তিনি।

‘বিলিয়নেরা’ গান দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া ওটিলিয়ার পরিবেশনা ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যেও ছিল বাড়তি আগ্রহ। শুক্রবার রাত কেটেছে মঞ্চে গান গেয়ে, দর্শকদের মাতিয়ে। আর শনিবার রাতে তিনি বেরিয়ে পড়লেন ঢাকার সড়কে, রিকশায় চেপে।