উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান

বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের স্মৃতি ফিরিয়ে আনতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ৩ ডিসেম্বর এই আয়োজন করবে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ।

এটি অনুষ্ঠিত হবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে সংগীত পরিবেশনা।

বাংলা নাগরিক গানের সমৃদ্ধ ঐতিহ্য এবং উত্তম কুমারের চলচ্চিত্রজীবনের সঙ্গে জড়িয়ে থাকা কালজয়ী গানগুলোই থাকবে এ আয়োজনের মূল আকর্ষণ। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারসহ কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে জনপ্রিয় হওয়া গান পরিবেশন করা হবে অনুষ্ঠানে।

উত্তম কুমার শুধু অভিনয়শিল্পী হিসেবেই নয়, বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেও পরিচিত। তার পর্দার উপস্থিতিকে আরও স্মরণীয় করে তুলেছিল এসব কিংবদন্তি সংগীতশিল্পীর কণ্ঠ। তাদের গাওয়া অসংখ্য গান আজও বাঙালির স্মৃতি ও আবেগে জায়গা করে আছে।

আয়োজকদের প্রত্যাশা, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের আবহ নতুন করে উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতারা। একই সঙ্গে মহানায়ক উত্তম কুমার ও তার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিংবদন্তি সংগীতশিল্পীদের প্রতি জানানো হবে শ্রদ্ধা।