ঈদের ছুটিতে অনেকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন, কেউ আবার ঘরে বসে পরিবারের সঙ্গে টেলিভিশনে ঈদ আয়োজনের নাটক উপভোগ করেন। আর এখন তো ওটিটির যুগ, তাই এই ঈদে সেখানেও থাকছে বিভিন্ন আয়োজন।
ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি কনটেন্ট। চলুন জেনে নেই সেই সিনেমা-সিরিজগুলো সম্পর্কে...
মাইশেলফ অ্যালেন স্বপন ২
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর ঘোষণাই এসেছিলো ৪০০ কোটি টাকার রহস্যের কথা দিয়ে। তাই অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই ৪০০ কোটি টাকা কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে। এছাড়াও প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলো এক বিন্দুতে মিলবে কিনা, সে প্রশ্নও ছিল দর্শকদের মনে।
এখানে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া প্রথম মৌসুমের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় মৌসুমেও। এবার মৌসুমের চমক সংগীতশিল্পী জেফার রহমান।
জিম্মি
প্রথমবারের মতো আশফাক নিপুণের নির্মাণে ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। এটা তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ।
২২ মার্চ সন্ধ্যা ৭ টায় হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে মুক্তি পেয়েছে এই সিরিজটি।
এখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকে।
হাউ সুইট
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।
এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা।
নির্মাতা এখানে বড় পরিসরে গল্প বলার চেষ্টা করেছেন।
ছায়া
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী নির্মাণ করেছেন সিনেমা ‘ছায়া’।
কথা ছিল, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শেষপর্যন্ত এটি মুক্তি পাচ্ছে ওটিটিতে।
ঈদের দিন আই স্ক্রিনে দেখা যাবে সিরিজটি।