সম্প্রচারে তুর্কি সিরিজ ‘মোস্তফা’

বেশ কয়েক বছর ধরেই দেশীয় দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি সিরিজগুলো। দর্শক চাহিদা মাথায় রেখেই দেশের বিভিন্ন টেলিভিশন চ্যালেন প্রচার করে আসছে ভিনদেশি সিরিজি। সেই ধারাবাহিকতায় আরটিভিতে প্রচার শুরু হবে রোমান্টিক থ্রিল তার্কিশ সিরিজ ‘মোস্তফা’।

গল্পে দেখা যাবে, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পরে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। এরপর তিনি এক বছরের জন্য বন্দি থাকেন, তার ছেলের হেফাজত হারান। মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যান।

এদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামে এক ডাক্তারের পরিচয় হয়। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে মোস্তফার অজানা থাকে যে, যার সঙ্গে সে প্রেম করেছে, সে গডফাদার বাহরির মেয়ে।

মোস্তফা কি তার শ্বশুরের কাছ থেকে তার ছেলের জিম্মা ফেরত পাবে? মোস্তফা কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে? এমন হাজার প্রশ্নের উত্তর পাওয়া যাবে রোমান্টিক থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফায়’।

ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। এই ধারাবাহিকটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

উল্লেখ্য, ২৫০ পর্বের ‘মোস্তফা’ ধারাবাহিকটি ১ আগস্ট থেকে সপ্তাহে ৭ দিন রাত ৯ টায় দেখা যাবে আরটিভির পর্দায়।