কিছু মানুষ জীবনে আসে গল্প হয়ে, আর কিছু মানুষ আসে পুরো গল্পটাই বদলে দিতে! এমনই কৌতুহলোদ্দীপক ও রহস্যময় এক চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে। যে মানুষটির জীবনের গল্প পাল্টে দিতে তিনি হাজির হবেন, তিনি নাজনীন নীহা।
এ সময়ের আলোচিত এই জুটিকে এবার দেখা যাবে ‘তোমার পরে তুমি’ নাটকে।
গল্পে দেখা যায়, সারা জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে কিছু একটা অঘটনের চেষ্টা করে। সে সময় হঠাৎ সামনে এসে হাজির হয় অপরিচিত সজল, সঙ্গে একটি পোষা বেড়াল। সারা সিদ্ধান্ত পাল্টায়। এতদিন পোষা বেড়ালটি সজলের সঙ্গী ছিল, ঘটনাচক্রে এবার যুক্ত হয় সারাও। সে জীবনে নতুন দিশা খুঁজে পায় সজলের কারণে। গল্পে আসে নতুন মোড়। এখানে সজল চরিত্রে দেখা যাবে ইয়াশকে।
‘তোমার পরে তুমি’নাটকে ইয়াশ ও নীহার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্থ শেখকে। এই প্রথম এই তিনজনকে একই নাটকে দেখা যাবে।
খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘তোমার পরে তুমি’নাটকটি। এতে ব্যবহার করা হয়েছে ‘তোমার পিছু’ নামের একটি গান। নাজির মাহমুদের সুরে এটি গেয়েছেন রিয়াদ।
রাসেল পারভেজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন।
নির্মাতা বলেন, ‘একটি বিড়ালও একটি চরিত্র হতে পারে দর্শক এই নাটকে সেটি দেখতে পাবেন। মানুষের সঙ্গে একটি প্রাণী কতটা মিশে যেতে পারে গল্পে আমি সেটি তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দর্শক এই নাটকে নতুন কিছু দেখবে।’’