মিস ইউনিভার্সে মাতৃত্বের বৃত্তে মাহি, নেটিজেনরা কী বলছেন

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। তারই ধারাবাহিকতায় `মিস ইউনিভার্স’-এর ন্যাশনাল কস্টিউম পর্বে রবিবার (২২ নভেম্বর) ‘মাদারহুড: এ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমের অনন্য এক পোশাক উপস্থাপন করেন তিনি।

এখানে মাহি মায়ের চিরন্তন ভালোবাসা আর বাংলার ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরেন।  

জাতীয় পোশাক পর্বে তার সাজে ফুটে উঠে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব, এরপর বার্ধক্যে পৌঁছানোর গল্প। কুমিল্লার ঐতিহ্যবাহী খাদির শাড়ি ও বাংলার সাবেকি নকশার সোনালি গয়নায় মায়ের প্রতি ভালোবাসার এক ভিন্ন বার্তা দিয়েছেন তিনি।

ন্যাশনাল কস্টিউম পর্বের সেই মুহূর্তের ভিডিওটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন মাহি।

ক্যাপশনে তিনি লেখেন, গভীর ভালোবাসা ও গর্বের সঙ্গে তিনি এই পোশাকটি উপস্থাপন করেছেন, যা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত।

পোস্টে তিনি জানান, পোশাকের প্রতিটি সূক্ষ্ম কারুকাজ নিঃশর্ত ভালোবাসা, শক্তি, ত্যাগ এবং মাতৃত্বের সুন্দর যাত্রার গল্প বলে। বৃত্তাকার নকশাটি জীবনের অন্তহীন চক্র এবং প্রজন্মের পর প্রজন্মের অবিচ্ছেদ্য বন্ধনকে ফুটিয়ে তুলেছে।

ছবি: সংগৃহীত

নেটিজেনরা কী বলছেন

ফেসবুকে মাহির প্রকাশ করা ভিডিওতে নেটিজেনদের মিশ্র পতিক্রিয়া দেখা যায়। প্রশংসার পাশাপাশি কেউ কেউ তার সমালোচনাও করছেন।

রাহেনা সুলতানা রুমু লেখেন, থিমটা অসাধারণ। বাংলাদেশকে মাতৃভূমি বলা হয়। মায়ের সঙ্গে তুলনা করা হয়। আর মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক বিদ্যমান। রূপকি রূপকে বাস্তবে রূপ দিলো। অসাধারণ চিন্তা। কিন্তু কস্টিউমসটা বেশ ভারী ছিল মনে হয়েছে।

রাত্রি নীলিমা লেখেন, এই থিমটা অনেক সুন্দর হয়েছে। প্রতিটা মেয়ে প্রতিটা নারী শক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। মিথিলারটা ছিল দেশকে রিপ্রেজেন্টেবল। কিন্তু মাহির থিমটা পুরো নারী জাতির জন্য, এটা বেস্ট।

ফাতেমা জাহান লেখেন, এইখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মত কিছু দেখছিনা। দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে বিশ্ব রিপ্রেজেন্ট করে ফেলছে। মাতৃত্বের স্বাদ সব বিশ্বের মায়েদের জন্যই সমান।

অন্য এক নেটিজেন লেখেন, এটার part tar অপেক্ষায় ছিলাম তবে সত্যি বলতে খুবই হতাশ হলাম। বিশ্বের সব দেশের মা আছে। বাংলাদেশ নিয়ে কিছু তুলে ধরা উচিত ছিল বিশ্বের কাছে। মাতৃত্ব আলাদা জায়গায় আর দেশকে রিপ্রেজেন্ট করা আলাদা জায়গায়। মা শব্দটা অবশ্যই অনেক মূল্যবান তবে সেটা শুধু বাংলাদেশে জন্মে তা না।

হাফসা হিমু নামে একজন লেখেন, এটা ভালো লাগছে না। আরও গর্জিয়াস হলে ভালো হতো।

ছবি: ফেসবুক থেকে

জমকালো আয়োজন

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য গত ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন মাহি। ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন। আগামী ২৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ৭৫তম মিস ইউনিভার্সের নতুন বিজয়ীর নাম।