আফগানিস্তানের কুন্দুজে একটি হাসপাতালে মার্কিন বাহিনীর হামলায় ১৬ মার্কিন সেনা সদস্যকে অভিযুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের প্রেক্ষিতে ১৬ জন মার্কিন সেনাকে দাতব্য সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্ট্রিয়ার্স (এমএসএফ) পরিচালিত হাসপাতালে হামলা চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: গে বিয়ের অনুমোদন দিলো কলম্বিয়া
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওই অভিযুক্ত সেনা সদস্যদের মধ্যে কয়েকজন বিশেষ বাহিনীর সদস্যও রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা দায়ের করা হয়নি। তবে ওই সেনা সদস্যদের চিঠি দিয়ে তীব্র ভাষায় তিরস্কার করা হয়েছে। কোনও কোনও সেনা সদস্যের চাকরিও চলে যেতে পারে।
এর আগে মার্কিন সেনা তদন্তে ওই ঘটনাকে ‘মানবিক ভুল’ বলে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার পেন্টাগন ওই তদন্তের সম্পূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করবে।
আরও পড়ুন: যুক্তরাজ্যের ‘ব্রেক্সিট’-এর বিপক্ষে ওবামা-হিলারির শক্ত অবস্থান
এমএসএফ ওই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। তারা প্রথম থেকেই নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি করে আসছে।
উল্লেখ্য, গত বছর ৩ অক্টোবর কুন্দুজে এমএসএফ পরিচালিত হাসপাতালে মার্কিন বাহিনীর হামলায় ৪২ জন নিহত হন। ওই ঘটনায় বারাক ওবামা দুঃখ প্রকাশ করেছিলেন। সূত্র: বিবিসি।
/এসএ/