ওয়াশিংটনে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিবছর আয়োজন করা হয় ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস’ ডিনার’। ২০১১ সালে আয়োজিত ডিনারে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকলেও এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার দুই ছেলে। ২০১১ সালে ট্রাম্প ও ওবামার ব্যাপক বাক বিতণ্ডা হয়েছিল। এবারের বক্তব্যের বেশিরভাগ সময় ধরে ওবামা ট্রাম্পকে নিয়ে কথা বলবেন বলে অনেকে ধারণা করলেও শেষ পর্যন্ত তা হয়নি।
আরও পড়ুন: 'ওবামা আউট' বলে যেভাবে মাইক্রোফোন ফেললেন মার্কিন প্রেসিডেন্ট (ভিডিও)
ওবামা ট্রাম্পকে নিয়ে কথা বলতে গিয়ে বার বার সবাইকে মনে করিয়ে দেন যে তিনি কেবলই মজা করছেন। ট্রাম্পের অনুষ্ঠানে উপস্থিত না না থাকা নিয়ে ওবামা বলেন, ‘আজ তিনি না আসায় আমি খুবই ব্যথিত হয়েছি। গতবার আমরা অনেক মজা করেছিলাম। এতো এতো সংবাদকর্মী, সেলিব্রিটি আর ক্যামেরা রয়েছে এ কক্ষে। কিন্তু তিনি আসলেন না। না এসে তিনি কী করছেন? ট্রাম্প স্টিক খাচ্ছেন? অ্যাঞ্জেলা মার্কেলকে অপমান করে টুইট করছেন? কী করছেন তিনি?’
মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতা আয়োজনে ট্রাম্পের শেয়ার থাকার প্রসঙ্গ টেনেও মজা করেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রিপাবলিকানরা বিশ্বাস করতে পারছেন না যে ট্রাম্প সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। তারা বলছেন ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পররাষ্ট্র নীতি পরিচালনার মতো অভিজ্ঞতা কম আছে। সত্যি কথা বলতে তিনি কিন্তু বিশ্বনেতাদের সঙ্গে অনেক বছর ধরে বৈঠক করে আসছেন। যেমন-মিস সুইডেন, মিস আর্জেন্টিনা, মিস আজারবাইজান।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের এক পরিবারে ১০০ বছর পর মেয়েশিশুর জন্ম!
নিজ দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সকে নিয়েও কথা বলেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট ৭৪ বছর বয়সী বার্নিকে ডেমোক্র্যাট পার্টির জন্য উজ্জল মুখ হিসেবে উল্লেখ করার কিছুক্ষণ পরই বলেন, ‘বার্নি, আপনি নিজেকে আমার কাছ থেকে খানিক দূরে সরিয়ে রেখেছেন এজন্য আমি আহতবোধ করছি। এটা এমন নয়, যেরকমটা আপনি আপনার কমরেডের সঙ্গে করেন।’
হিলারিকে নিয়েও মজা করতে ছাড়েননি ওবামা। হিলারি তরুণদের ভোট চাচ্ছেন উল্লেখ করে মজা করেন ওবামা। স্ত্রী মিশেলকে নিয়ে মজা করতে গিয়ে ওবামা বলেন, প্রেসিডেন্সির মেয়াদকালে নিজের মুখে কিছু বলিরেখা পড়ে গেলেও মিশেলের বয়স বাড়েনি।
সবশেষে, দুটো শব্দ বলার আছে উল্লেখ করে ‘ওবামা আউট’ বলে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ঠোঁটে দু আঙ্গুল চেপে ধরে হাত থেকে মাইক্রোফোন ফেলে দেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন
/এফইউ/