হিলারির বিরুদ্ধে সহজ জয়ের প্রত্যাশা ট্রাম্পের

দল থেকে মনোনয়ন পান কি-না এখনও ঠিক নেই, অন্তত আরও ২৫০ ডেলিগেটের সমর্থন পেতে হবে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে। কিন্তু ওসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না রিপাবলিকান ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। আগ বাড়িয়ে বলেই ফেলেছেন, নির্বাচনে হিলারিকে সহজে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনিই। ক্যালিফোর্নিয়ায় এক সমাবেশে নিজের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের হারানোর কথা টেনে এনে সমর্থকদের বললেন, নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন তার কাছে পাত্তাই পাবেন না। বললেন, 'তারা ছিল ১৭ জন। এখন আছে আর মাত্র তিনজন।'

৬৯ বছর বয়সী রিপাবলিকান মনোনয়নপ্রার্থী বলেন, 'যাদের হারিয়ে এসেছি, তাদের যে কারও তুলনায় হিলারিকে হারানো অনেক সহজ। আপনারা নভেম্বরে আপনাদের প্রার্থীকে নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্য তৈরি হতে পারেন।' ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হলে এক হাজার ২৩৭ ডেলিগেটের প্রয়োজন হবে।

হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, এরই মধ্যে তিনি এক হাজার ডেলিগেটের সমর্থন জোগাড় করে ফেলেছেন। অবশ্য তার দুই প্রতিযোগী ডেলিগেট ভোট সংগ্রহের ক্ষেত্রে তার চেয়ে অনেক পেছনে পড়ে আছেন। অবশ্য ট্রাম্পের মনোনয়ন পাওয়া ঠেকাতে চেষ্টার ত্রুটি করছেন না টেক্সাস সিনেটর টেড ক্রুজ ও ওহাইওর গভর্নর জন ক্যাসিচ। বাকি যে নির্বাচনগুলো রয়েছে, সেগুলোতে তারা পরস্পরকে সমর্থনের কৌশল গ্রহণ করেছেন। এভাবে তারা ট্রাম্পের অব্যাহত অগগ্রতি প্রতিরোধ করা সম্ভব বলে ভাবছেন।

এদিকে শুক্রবার ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয়বারের মতো জনপ্রতিরোধের মুখে পড়লেন ফ্রন্টরানার ট্রাম্প। বার্লিনগেম শহরে ট্রাম্পের প্রচার চলার সময় হোটেলের বাইরে শত শত বিরোধী ব্যারিকেড ভেঙে ফেলে। এ সময় তারা পুলিশের দিকে ডিম ছুড়ে মারে।

/এমপি/