সম্পদ গোপন ও কর ফাঁকির মতো আর্থিক দুর্নীতি ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যে আইনি ফাঁকগুলো (লুপহোল) ব্যবহার করে বিদেশি নাগরিকেরা মার্কিন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক দুর্নীতি করে থাকে, সেই ফাঁকগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা প্রশাসন মনে করছে, প্রতিষ্ঠানের মালিক সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পেলে বেনামে ও অবৈধ উপায়ে আর্থিক লেনদেন করার সুযোগ কমে যাবে। বন্ধ হবে সম্পদ গোপন ও কর ফাঁকির প্রবণতা। স্বচ্ছতা আসবে ব্যাংকিং খাতে। সে কারণেই ওবামার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের মালিক সম্পর্কে আরও বেশি তথ্য দিতে বাধ্য করা হবে। বন্ধ করা হবে বিভিন্ন আইনি ফাঁকফোঁকর।
আরও পড়ুন: পানামা পেপারস ধরে যুক্তরাষ্ট্রে কর ফাঁকির তদন্ত শুরু
পানামা পেপারস-এ বিশ্বজুড়ে কর ফাঁকির ভয়াবহ বাস্তবতা উন্মোচিত হওয়ার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ওবামা। এর আগে চলতি মাসের শুরুতে কর ফাঁকিকে বড় সঙ্কট বলে আখ্যা দেন তিনি। তারপর পানামা পেপারস-এ নাম থাকা মার্কিনিদের নিয়ে শুরু হয় বিচারবিভাগীয় তদন্ত। সেই ধারাবাহিকতায় এবার আইন কঠোর করার ঘোষণা এলো।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, নির্বাহী ক্ষমতাবলে ওবামা তার নতুন পদক্ষেপগুলো বাস্তবায়ন করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, এরইমধ্যে ওবামা প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোর কথা কংগ্রেসকে জানানো হয়েছে। সেইসঙ্গে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অর্থ পাচার, দুর্নীতি ও করফাঁকি ঠেকাতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশে দেশে তদন্ত শুরু, রাশিয়া-চীনের আলাদা সুর
গার্ডিয়ান বলছে, ওবামা প্রশাসনের নেওয়া নতুন সিদ্ধান্ত হয়তো এই মুহূর্তেই আর্থিক দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে পারবে না। তবে এর মধ্য দিয়ে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অপরিহার্যতার প্রশ্ন সামনে চলে আসবে।
আরও পড়ুন: বৈশ্বিক কর ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব ওবামার
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে পানামা পেপারস ফাঁসের মধ্য দিয়ে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধান এবং সম্পদশালীদের আর্থিক দুর্নীতির তথ্য সবার সামনে চলে আসে। গোপনীয়তা এ ঘটনায় তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক পরমণ্ডলে। ফাঁস হওয়া তথ্যের সূত্র ধরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করে সংশ্লিষ্ট দেশগুলো। সূত্র: দ্য গার্ডিয়ান, ফরচুন, আইবি টাইমস
/এফইউ/বিএ/