মিসরের নিখোঁজ বিমান এজিয়ান সাগরে বিধ্বস্ত!

ফ্লাইট ট্র্যাকিং স্ক্রিনে ইজিপ্ট এয়ারের নিখোঁজ বিমান৬৬ আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রোগামী এয়ার ইজিপ্টের বিমানটির পরিণতি কী হয়েছে তা নিয়ে চলছে জল্পনা। নিখোঁজ হওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গ্রিক বিমান চলাচল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বিমানটি কারপাথোস দ্বীপ এলাকায় এজিয়ান সাগরে বিধ্বস্ত হয়েছে। অবশ্য এএফপি ছাড়া এমন খবর আর কেউ দেয়নি। এদিকে মিসরের বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এখনই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ঘোষণা দেওয়ার সময় আসেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে কারপাথোস দ্বীপ এলাকায় এক জাহাজের ক্যাপ্টেন আকাশে কিছু জ্বলতে দেখেছেন। আর এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদের আশঙ্কাও জোরালো হয়ে উঠেছে।
প্যারিস থেকে বুধবার রাতে ছেড়ে যাওয়া ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটি কায়রোর সময় রাত ২টা ৪৫ মিনিটের দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এয়ার ইজিপ্ট কর্তৃপক্ষ জানায়,নিখোঁজ হওয়ার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে ওড়ার সময় এটি নিখোঁজ হয়। বিমানটি যখন নিখোঁজ হয় তখন আবহাওয়া ভালো ছিল। গ্রিক বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে,কিয়া দ্বীপ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির পাইলটের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তবে পাইলট সে সময় কোনও ধরনের সমস্যার কথা জানাননি। আরও পড়ুন: ৬৬ আরোহী নিয়ে ফ্রান্স থেকে মিসরগামী বিমান নিখোঁজ


ইজিপ্ট এয়ারের বিমান
গ্রিক প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, একটি মার্চেন্ট জাহাজের ক্যাপ্টেন কারপাথোস দ্বীপের ১৩০ নটিক্যাল মাইল দক্ষিণে আকাশে আগুনের কুণ্ডলী দেখেছেন। খবরের সত্যতা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।

এদিকে বিমান থেকে বিপদ সংকেত এসেছিলো কিনা সে প্রশ্নেও বিভ্রান্তি তৈরি হয়েছে। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এমএস ৮০৪ ফ্লাইটটি থেকে একটি বিপদ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মিসরের সেনাবাহিনী এ ধরনের সংকেত পেয়েছে বলে জানানো হয়। তবে মিসরের সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ ধরনের কোনও বিপদ সংকেত পাওয়া যায়নি।

বিমানের আরোহীদের মধ্যে ৫৯ জন যাত্রী ও বাকি ১০ জনের মধ্যে ৭ জন বিমানের ক্রু ও তিনজন নিরাপত্তা কর্মী ছিলেন। এরইমধ্যে বিমানটির সন্ধান পেতে অভিযান চলছে। অভিযানে সহায়তা করছে গ্রিস। সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা

/এফইউ/