‘আইএসের হুমকি’র জবাব দিলেন রাজনাথ

রাজনাথ সিংইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের নামে প্রচারিত সাম্প্রতিক তথ্যচিত্রের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতীয়দের প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়ে সম্প্রতি আইএসের নামে প্রকাশিত তথ্যচিত্রটিতে ভারতীয় জিহাদির সাক্ষাৎকার প্রচারিত হয়। শনিবার সেই তথ্যচিত্রের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন হাজির করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২০১৪ সালে আইএসে যোগ দিতে ইরাক ও সিরিয়ায় যাওয়া ৫ জিহাদিকে ওই তথ্যচিত্রে প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করতে দেখা গেছে। তারা বলছেন, ভারতের গুজরাট, কাশ্মির, মুজাফফরনগরের মুসলমান হত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেবেন। 
আরও পড়ুন: মুসলমান হত্যা ও বাবরি মসজিদ ধ্বংসের বদলা নেবে আইএস!
আইএসের প্রকাশিত তথ্যচিত্রে দেওয়া এই হুমকির প্রতিক্রিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, দেশকে রক্ষা করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে তিনি মনে করেন, জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ নির্বিশেষেতাদের সমস্ত শক্তি দিয়ে সন্ত্রাসবাদী শক্তিগুলির বিরুদ্ধে লড়াই করবেন।
স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর গলাতেও একই সুর ধ্বনিত হয়েছে। তিনি বলেছেন,  এ ধরনের ভিডিও মাঝেমধ্যেই প্রকাশ হয়। আইএস বা অন্য কেউ এ ধরনের প্রচারের মাধ্যমে দেশের মানুষকে প্রভাবিত করতে পারবে না। দেশের মানুষ কোনওভাবেই এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করবেন না। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/বিএ/