আরও ১,৮৫০ কর্মীকে ছাঁটাই করবে মাইক্রোসফট

নকিয়ার হারানো বাজার ফেরাতে পারেনি মাইক্রোসফটস্মার্টফোন তৈরির ব্যবসা আরও খানিকটা গুটিয়ে আনছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফট। স্মার্টফোন তৈরির ব্যবসা শুরুর মাত্র দুই বছরের মাথায় এর সঙ্গে জড়িত ১,৮৫০ জন কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত বছর ফোন ব্যবসা থেকে ৭,৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট।
অ্যাপল আর স্যামসাংকে টেক্কা দিতে ২০১৪ সালে হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়াকে একীভূত করার মধ্য দিয়ে এই ব্যবসায় পা রাখে মাইক্রোসফট। তবে মাইক্রোসফটের ছোঁয়ায়ও হারানো বাজার ফিরে পায়নি নকিয়া। পরবর্তীতে নকিয়া নাম বদল করে মাইক্রোসফট নামে লুমিয়া স্মার্টফোন বাজারে আনতে শুরু করে প্রতিষ্ঠানটি। তবে তাতেও সফল হচ্ছে না মাইক্রোসফট।
বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্মার্টফোন ডিভিশন থেকে ১৮,৫০ জন কর্মীকে ছাঁটাই করা হবে। এরমধ্যে ফিনল্যান্ড থেকে ১,৩৫০ জন আর বিশ্বজুড়ে আরও ৫০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে। এ ছাড়া ফিনল্যান্ডে থাকা রিসার্চ এবং ডেভেলপমেন্ট ইউনিটও বিক্রি করে দিচ্ছে মাইক্রোসফট। তবে প্রতিষ্ঠানটির স্মার্টফোন ব্যবসায় বর্তমানে কতজন কর্মী নিয়োজিত রয়েছেন তা জানানো হয়নি।
মাইক্রোসফটের ফিনিশ ইউনিয়নের প্রতিনিধি কেলে কিলি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্তের কারণে মাইক্রোসফটের নতুন ফোন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সমাপ্তি ঘটতে পারে। তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝতে পারছি তাতে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ চালু থাকবে। তবে মাইক্রোসফট নতুন কোনও ফোন নিয়ে কাজ করবে না।’

মাইক্রোসফটও জানিয়েছে, স্মার্টফোন ব্যবসার পরিধি ছোট করে আনলেও উইন্ডোজ ১০ মোবাইল প্ল্যাটফর্ম তৈরি এবং লুমিয়া স্মার্টফোনের সেবা দেওয়া অব্যাহত থাকবে। তবে নতুন উইন্ডোজের ফোন বাজারে আনবে কিনা, সে ব্যাপারে কিছু জানায়নি প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এর আগে গত সপ্তাহে মাইক্রোসফট নকিয়ার ফিচার ফোন ব্যবসা তুলে দিয়েছিল ফক্সকন এবং ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবালের হাতে। এর মাধ্যমে মোবাইল ব্যবসা থেকে একে একে নিজেদের গুঁটিয়ে নিচ্ছে বিল গেটসের এই প্রতিষ্ঠানটি। সূত্র: দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস

/এফইউ/