হিলারির প্রতি সমর্থন মার্কিন অটো ইউনিয়নের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন অটো ইউনিয়ন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি সমর্থনের ঘোষণা দেয় চার লাখ সদস্যের এ সংগঠন।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারির উচ্ছ্বসিত প্রশংসা করেন দ্য ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন-এর প্রেসিডেন্ট ডেনিস উইলিয়ামস। এক বিবৃতিতে তিনি বলেন, হিলারি বহুজাতিক অর্থনীতির জটিলতা বোঝেন এবং মার্কিন শ্রমিকদের সমর্থন করেন। ২০০৯ সালে তিনি যৌথ দরকষাকষির অধিকারের পক্ষে লড়াই করেছিলেন। যৌথ দরকষাকষির ওপর যখন আক্রমণ হচ্ছিল তখন আমাদের তাকেই প্রয়োজন হয়েছিল। তিনি সমমজুরি, পারিবারিক ছুটি, গুণগত মান এবং শিশু দেখভালের প্রতি মনোযোগী এবং এর সমর্থক।

হিলারির প্রতি দ্য ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন-এর এ সমর্থন উইসকনসিন, মিশিগান, ওহাইয়ো ও পেনসিলভেনিয়ার মতো শিল্প রাজ্যগুলোতে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এদিকে নিজেকে সমর্থন জানানোয় দ্য ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন-এর প্রতি ধন্যবাদ জানিয়েছেন হিলারি ক্লিনটন। সমর্থন প্রদানের ঘোষণার প্রতিক্রিয়ায় হিলারি বলেছেন, তিনি খুবই সম্মানিত বোধ করছেন।

হিলারি ক্লিনটন

এক বিবৃতিতে হিলারি ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য অর্জন করলে শ্রমিকদের সংগঠিত করার কাজকে তিনি অগ্রাধিকার দেবেন। কারণ ইউনিয়ন শক্তিশালী হলে পরিবারগুলোও দৃঢ় ভিত্তি পাবে। আর পরিবারগুলোর ভিত্তি মজবুত হলে যুক্তরাষ্ট্রও শক্তিশালী হবে।

হিলারির জন্য আরেক সুখবর দিয়েছে সাম্প্রতিক এক জরিপ। মধ্যপন্থী ভোটার যারা নিজেদের কোনও দলের প্রতি অনুগত নন বলে জানিয়েছেন, তাদের মধ্যে ৫৮ শতাংশই মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। অন্যদিকে হিলারির যোগ্যতা নিয়ে সন্দেহ করেন এমন মধ্যপন্থীর সংখ্যা খুবই নগণ্য।

ডেমোক্রেটিক পার্টির নীতিনির্ধারকরা আশা করছেন, এই মধ্যপন্থীদের সমর্থনেই হিলারি শেষ পর্যন্ত নির্বাচনী বৈতরণি পার হতে সক্ষম হবেন। জিততে হলে তাকে এই মধ্যপন্থী ভোটারদের কমপক্ষে ৫৫ শতাংশ ভোট পেতে হবে। সাম্প্রতিক সময়ে এই মধ্যপন্থী ও স্বতন্ত্র ভোটারদের কথা মাথায় রেখে হিলারি প্রচার চালাচ্ছেন। আর তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ—এমন বিষয়গুলোতেই তিনি প্রচার চালাচ্ছেন।

এদিকে সম্পূর্ণ ভিন্ন এক ক্ষেত্র থেকে নতুন সমর্থন পেয়েছেন হিলারি ক্লিনটন। ঐতিহাসিকভাবে, নির্বাচনের ঠিক আগে ক্ষমতাসীন প্রেসিডেন্টের সমর্থন যদি ৫০ শতাংশের অধিক হয়, অধিকাংশ ক্ষেত্রেই তার দলের প্রার্থী বিজয়ী হন। গ্যালপের দেওয়া হিসাব অনুসারে, গত এক বছরে প্রেসিডেন্ট ওবামার প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন অল্প অল্প করে বেড়ে তা এখন ৫২ শতাংশ বা তার অধিক দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, বেকারত্ব আগের যেকোনো সময়ের চেয়ে কম, জ্বালানি তেলের দাম এখন সর্বনিম্নে। সেজন্যই ওবামার প্রতি জনসমর্থনের ঊর্ধ্বগতি। ওবামা যদি তার এই জনপ্রিয়তা ধরে রাখতে পারেন, হিলারির জন্য তা হবে বিশাল এক সুখবর। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ।

/এমপি/