আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করার দায়ে যুক্তরাজ্যের এক নাগরিককে কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র।আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে হিথরো বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেন ওই ব্রিটিশ নাগরিক।
মিন কুয়াং ফাম (৩৩) নামের ওই ব্রিটিশ নাগরিক আল-কায়েদার প্রতি তার সমর্থনের কথা স্বীকার করেন। তবে তিনি ওই পরিকল্পনার কথা অস্বীকার করেন ও বলেন কোন সন্ত্রাসী হামলায় অংশ নেননি তিনি।
সাবেক ভিয়েতনামি নাগরিক ফামকে প্রথমবারের মত গ্রেফতার করা হয় ২০১২ সালের জুন মাসে, এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: আর্জেন্টিনার সাবেক জান্তা নেতার কারাদণ্ড
ফামকে ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে নিউ ইয়র্কের এক আদালত। মামলার শুনানিতে বলা হয়, ফাম আল-কায়েদা নেতা আনোয়ার আল-আউলাকিরর নির্দেশনায় ইয়েমেনে বেশ কয়েকমাস অবস্থান করেন ও জঙ্গি প্রশিক্ষণ নেন।
এদিকে, বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে ফাম দাবি করেন, তিনি ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন ও সে জন্য পরিতাপও করছেন।
সূত্র: বিবিসি
/ইউআর/