এমএসএনবিসি-এক সাক্ষাৎকারে ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেনকে জিজ্ঞেস করা হয়, ‘আপনাকে যদি হিলারির রানিং মেট হতে বলা হয় তবে আপনি সে কাজটি করতে পারবেন বলে বিশ্বাস করেন কি?’
জবাবে ওয়ারেন বলেন ‘হ্যাঁ, আমি পারব।’
এর আগে বৃহস্পতিবার বস্টন গ্লোবকে দেওয়া সাক্ষাৎকারে হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান এলিজাবেথ ওয়ারেন। তিনি বলেন, ‘আমি এ লড়াইয়ে নামতে প্রস্তুত। হিলারি ক্লিনটন যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্প যে হোয়াইট হাউজের আশেপাশেও থাকতে পারবেন না সে ব্যাপারে আমি নিশ্চিত।’
গ্লোবের তথ্য অনুযায়ী, মনোনয়নের দৌড়ে হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সেরও প্রশংসা করেছেন ওয়ারেন। তিনি বলেন, ‘স্যান্ডার্স অবিশ্বাস্য রকমের ক্যাম্পেইন চালিয়েছেন। হৃদয় উজাড় করে তিনি ক্যাম্পেইন চালিয়েছেন।’
তবে ওয়ারেন মনে করেন হিলারি ক্লিনটন একজন লড়াকু। তিনি বলেন, ‘হিলারি জিতে গেছেন। তিনি জিতেছেন কারণ তিনি সংগ্রামী এবং দৃঢ়। আমি মনে করি আমাদেরও একইরকম হওয়া প্রয়োজন।’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক সমর্থন জানানোর কয়েক ঘণ্টা পর ওয়ারেনও তাকে সমর্থন জানান। এর আগে হিলারিকে সমর্থন জানিয়ে এক ভিডিওতে ওবামা বলেন, ‘আমি ওনার সঙ্গে আছি। আমি মনে করি না প্রেসিডেন্ট হিসেবে তার মতো এত যোগ্যতাসম্পন্ন প্রার্থী কখনও ছিল।’
ভিডিওটি মঙ্গলবার ধারণ করা হয়েছিল।
বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও হিলারিকে সমর্থন দিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান
/এফইউ/