ভারতে দুইদিনের বজ্রপাতে অন্তত ৭৬ জনের মৃত্যু

ভারতে ২০১৪ সালে বজ্রপাতে আড়াই হাজার মানুষের প্রাণহানি হয়েছিলভারতে বিহার ও উত্তর প্রদেশে গত দুইদিনে ঝড় আর ভারি বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার খবরটি নিশ্চিত করেছেন। ভারতে জুন-অক্টোবরে বজ্রপাতের ঘটনা খুব পরিচিত হলেও দুইদিনে মৃতের এ সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিহারে বজ্রপাতে ৫৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন মঙ্গলবার রাতে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চন্দ্রশেখর। বিহার রাজ্যে নিহত প্রত্যেকটি পরিবারকে ৪লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব।
এদিকে প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে দুইদিনের বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবছর বজ্রপাতের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়ে থাকে। এদের বেশিরভাগই কৃষক। ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়েন তারা। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশটিতে বজ্রপাতে আড়াই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।
বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে আগের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাবার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বজ্রপাতের প্রবণতাও বেড়েছে।

কোনও কোনও গবেষক বলেন তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাত প্রবণ তার মধ্যে দক্ষিণ-এশিয়া অন্যতম। সূত্র: হিন্দুস্তান টাইমস, বিবিসি

/এফইউ/