আর একটি হিরোশিমা যেন না সৃষ্টি হয়, তা নিশ্চিত করতে অস্ত্রে সমৃদ্ধ দেশগুলোকেই তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
হিরোশিমা দিবসের ৭১তম বার্ষিকীতে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত স্মরণসভায় তার এই বার্তা পড়ে শোনানো হয়। জাতিসংঘ মহাসচিবের বার্তা পাঠ করে শোনান তার মুখপাত্র। বার্তায় মুন বলেন, ‘পৃথিবীকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা সহজ কাজ নয়। অস্ত্রে সমৃদ্ধ রাষ্ট্রগুলোকে নিশ্চিত করতে হবে যেন আরও একটি হিরোশিমা সৃষ্টি হতে না পারে।’
পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা রুখতে, সব রাষ্ট্রের প্রতি সংলাপের ঐক্যবদ্ধ ক্ষেত্র তৈরীর আহ্বান জানান তিনি। মুনের বার্তায় আরও বলা হয়, ‘আজকের দুনিয়ায় হিবাকুশাদের (আণবিক হামলায় বেঁচে যাওয়া মানুষেরা) মতো সাহস ও শক্তি অনেক বেশি প্রয়োজন।’ উল্লেখ্য, আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, জাপানে এখনও ১ লক্ষ ৭৪ হাজার ৮০ জন হিবাকুশা বেঁচে আছেন, তাদের গড় বয়স ৮০ বছর।
স্মরণসভায় ৯১ টি দেশের প্রতিনিধিরা যোগ দেন যাদের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো অস্ত্রে সমৃদ্ধ দেশগুলোও ছিলো। এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
/ইউআর/বিএ/