কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় প্রথমবারের মতো সিরিয়ার সরকারের বিমান হামলা

সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নিসিরিয়ার হাসাকাহ শহরে কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধকালীন পরিস্থিতিতে বৃহস্পতিবারই এইসব এলাকায় প্রথম হামলা চালানো হয়েছে। কুর্দি যোদ্ধা মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য মিত্র হিসেবে আইএসবিরোধী লড়াই চালাচ্ছে দ্য কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)। কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সিরিয়ার সরকারি বাহিনীর হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে এ কুর্দি সুরক্ষা বাহিনী। এ আগ্রাসনের ঘটনায় কুর্দিরা নীরব থাকবে না বলেও হুঁশিয়ার করেছে তারা।
ওয়াইপিজির এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের জনগণের রক্ত দিয়ে যারা হাত রঞ্জিত করছে তাদেরকে সব ধরনের হিসেব নিকেশের মধ্য দিয়ে যেতে হবে।’
ওয়াইপিজি-এর মুখপাত্র রেদুর জেলিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কুর্দি নিয়ন্ত্রিত হাসাকাহ শহরের বিভিন্ন এলাকা এবং কুর্দি নিরাপত্তা বাহিনী আসাইশের ঘাঁটিগুলো লক্ষ্য করে সিরিয়ার সরকারি বাহিনীর যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।’

অবশ্য ঠিক কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

এদিকে সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

/এফইউ/